Cyclone Arnab: মাত্র ৬ ঘণ্টায় ভয়ঙ্কর রূপ নিল ‘অর্ণব’! ল্যান্ডফলের আগেই বাংলায় জারি হয়ে গেল সতর্কতা

West Bengal weather update: চোখের নিমেষে আরও ভয়ংকর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। মাত্র ৬ ঘণ্টার মধ্যে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বড়সড় দুর্যোগের আশঙ্কা রাজ্যে। কোথায় আছড়ে পড়বে এই ঝড়? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?

Cyclone Arnab: মাত্র ৬ ঘণ্টায় ভয়ঙ্কর রূপ নিল অর্ণব! ল্যান্ডফলের আগেই বাংলায় জারি হয়ে গেল সতর্কতা
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?Image Credit source: tv9 network

| Edited By: বৈশালী পাল

Oct 27, 2026 | 9:28 AM

ঘূর্ণিঝড় অর্ণব (Cyclone Arnab) চোখের নিমেষে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এটি তীব্র থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর শক্তি কি আরও বাড়বে? পূর্ব উপকূল জুড়ে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে। সরাসরি বাংলায় না এলেও এই ঘূর্ণিঝড়ের আঁচ থেকে রেহাই পাচ্ছে না রাজ্য। হেমন্তের শুরুতে রাজ্যে ফের একদফা ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

কোথায় আছড়ে পড়বে এই ঝড়?

আগামীকাল দুপুরের আগেই বিশাখাপত্তনমের দক্ষিণে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অর্ণব। এই প্রবল দুর্যোগের ভয়ে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে। বিশাখাপত্তনমেও লাল সতর্কতা থাকছে। ল্যান্ডফলের সময় অন্ধ্র উপকূলে ঝড়ের গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪০ কিলোমিটারে। অন্যদিকে, আজ ও আগামীকাল পুরীতে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গতকাল রাত থেকেই ওড়িশা উপকূলে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।

বাংলার কোথায় কেমন দুর্যোগ?

সরাসরি বঙ্গে ল্যান্ডফল হচ্ছে না। কিন্তু ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড়টি বাঁক নেবে। আর সেই বাঁকেই বাংলার বিপত্তি। আজ থেকেই দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হচ্ছে। বুধ ও বৃহস্পতিবার উপকূল এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রেহাই পাবে না উত্তরবঙ্গও। বৃহস্পতি ও শুক্রবার সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। একটানা বৃষ্টির কারণে দার্জিলিংয়ে ধস নামার চরম আশঙ্কা তৈরি হয়েছে।

বৃষ্টির সঙ্গে দোসর হবে ঝোড়ো হাওয়া। কলকাতা শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। উপকূলের জেলাগুলিতে সর্বোচ্চ ৫৫ কিলোমিটার বেগে বইবে হাওয়া। অন্য জেলাগুলিতেও মাঝেমধ্যে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। দুর্যোগের কারণে আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধ।

ঘূর্ণিঝড়ের জেরে গোটা দেশে দুর্যোগের সপ্তাহ শুরু হল। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের প্রায় ১৬টি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দুর্যোগের কোনও খবর যাতে নজর না এড়ায়, তার জন্য পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us