
হিলি: বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার হিলির ধরন্দা এলাকায় বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল। মঙ্গলবার সকালে বিষয়টি নিজরে আসতেই ঘটনাস্থলে যান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। দুপুরে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিজেপির অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
বিজেপি নেতাদের অভিযোগ, হিলির ধরন্দা এবং বাজার এলাকায় ভারতীয় জনতা পার্টির নির্বাচনী প্রচার সামগ্রী যেমন ফ্ল্যাগ, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। শুধু ছিঁড়ে ফেলা নয় সেগুলি ড্রেনের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের ক্রমবর্ধমান জনসমর্থনে ভীত হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই অপকর্ম ঘটিয়েছে গণতান্ত্রিক উপায়ে জয়লাভ করতে না পেরে শাসক দল এখন আতঙ্কিত হয়ে অগণতান্ত্রিক পথ বেছে নিচ্ছে।
এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু প্রচারের পরিবেশ নিশ্চিত করার দাবিতে বিজেপি পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছেন। এভাবেই হিলির শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল। এদিকে এনিয়ে অভিযোগ পেতেই পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে হিলি থানার পুলিশ।
তৃণমূলের জেলা সভাপতি অম্বরিশ সরকার বলেন, “তৃণমূলের হাতে এতো সময় নেই, যে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়তে হবে। হয়তো নিজেরাই এই সব করে TRP পাওয়ার চেষ্টা করছে। এই সব করে কোন লাভ হবে না।”