Sukanta Majumdar Roadshow: সুকান্তর রোড শো আসা মাত্রই উঠল জয় বাংলা স্লোগান! ব্যাপক উত্তেজনা বালুরঘাটে

TMC and BJP workers clash in Balurghat: এদিন বিকেলে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে বালুরঘাট শহরে প্রচারে বেরিয়েছিলেন সুকান্ত মজুমদার। বড়সড় একটি বাইক র‍্যালিও হয়। মিছিলটি যখন ৯ নম্বর ওয়ার্ডের সূর্য শক্তি ক্লাব এলাকায় পৌঁছায় তখনই ঘটে এ ঘটনা।

Sukanta Majumdar Roadshow: সুকান্তর রোড শো আসা মাত্রই উঠল জয় বাংলা স্লোগান! ব্যাপক উত্তেজনা বালুরঘাটে
চাপানউতোর রাজনৈতিক মহলে Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Apr 10, 2026 | 1:19 AM

বালুরঘাট: ভোট যত এগোচ্ছে ততই যেন তপ্ত হচ্ছে এলাকা। এবার স্লোগান বনাম পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়ের রোড শোকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। রোড শোয়ে ছিলেন খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় বালুরঘাট পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের সূর্য শক্তি ক্লাব সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এদিন বিকেলে বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে হুডখোলা গাড়িতে চড়ে বালুরঘাট শহরে প্রচারে বেরিয়েছিলেন সুকান্ত মজুমদার। বড়সড় একটি বাইক র‍্যালিও হয়। মিছিলটি যখন ৯ নম্বর ওয়ার্ডের সূর্য শক্তি ক্লাব এলাকায় পৌঁছায়, তখন সেখানে তৃণমূল কংগ্রেসের একটি পথসভা চলছিল। অভিযোগ, বিজেপির রোড শো দেখামাত্রই তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। এমনকি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। পিছিয়ে থাকেনি গেরুয়া শিবিরও। পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

ঘটনা প্রসঙ্গে বালুরঘাট টাউন বিজেপির সভাপতি সমীর প্রসাদ দত্ত বলেন, “তৃণমূলের সৌজন্য বা ভদ্রতার লেশমাত্র নেই। আমাদের শান্তিপূর্ণ র‍্যালি বেরিয়েছিল, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে স্লোগান দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করেছে ওরা।” অন্যদিকে, তৃণমূলের পাল্টা দাবি, তাদের পূর্বনির্ধারিত সভা বানচাল করতেই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। সুর চড়িয়েছেন বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি।

প্রায় ১৫-২০ মিনিট ধরে দু’পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। কিছু সময়ের পর সুকান্ত মজুমদারের কনভয় ওই এলাকা ছাড়লে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিন যদিও একই ছবি দেখা গিয়েছে ব্যারাকপুরেও। সেখানে বিজেপি নেতা কৌস্তভ বাগচিকে দেখা মাত্রই জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মীদের। তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

Follow Us