
বালুরঘাট: হাতে মাত্র আর দু’টো দিন। তারপরই উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দিরের। সাজো সাজো রব গোটা দেশেই। এবার বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন বালুরঘাটে আত্রেয়ী নদীর সদর ঘাটে জ্বলে উঠবে এক লক্ষ প্রদীপ। থাকবেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর উদ্যোগেই ওইদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে খবর। সঙ্গে চলবে সন্ধ্যারতি। দায়িত্বে থাকবেন ২২ পুরোহিত।
কর্মসূচিকে সফল করতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন জেলার বিজেপি কর্মীরা। নদীর ঘাট যেমন পরিষ্কার করার কাজ চলছে, তেমনই আবার বালুরঘাট শহরের বিভিন্ন প্রান্তের কুমোর বাড়ি থেকে প্রদীপ সংগ্রের কাজও চলছে। এদিকে আচমকা বড়সড় অর্ডার পেয়ে কুমোরেরাও। একজন তো বলছেন, এত প্রদীপ অর্ডার পাব ভাবিনি। দীপাবলির সময়েও এত প্রদীপ বিক্রি হয়নি এবারে যা হতে চলেছ।
সূত্রের খবর, প্রদীপ জ্বালাতে আসছে এক কুইন্টল সর্ষের তেল। সন্ধ্যারতির জন্য আসছে কেজি কেজি ঘি। একইসঙ্গে প্রদীপ জ্বালানোর জন্য কয়েক হাজার স্বেচ্ছাসেবককেও মাঠে নামানো হচ্ছে। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক বাপি সরকার বলছেন, সুকান্ত মজুমদারের উদ্যোগেই সবটা হচ্ছে। ওইদিন দিনভর আমাদের এখানে পুজো চলবে। সঙ্গে নদীর পাড়েও হবে অনুষ্ঠান।