
বালুরঘাট: টলিউড অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী-র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের বালুরঘাট থানায়। অভিযোগকারী বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দা ও চলচ্চিত্র প্রযোজক তরুণ দাস। তাঁর অভিযোগ, একটি ছবিতে মূল চরিত্রে অভিনয়ের জন্য অগ্রিম ১৫ লক্ষ টাকা নেওয়ার পরেও শ্যুটিংয়ে আসেননি অভিনেতা। টাকা ফেরত চাইলে সোহম তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ প্রযোজকের। যদিও সমস্ত কিছু অস্বীকার করে পাল্টা প্রোযোজকের বিরুদ্ধেই পাল্টা হুমকি দেওয়ার অভিযোগ করছেন সোহম।
তরুণ দাস বলছেন, ২০১৮ সালে একটি বাণিজ্যিক বাংলা সিনেমা তৈরির পরিকল্পনা করেছিলেন। তখনই ছবির মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করা হয়। কথাবার্তার পর অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ধাপে ধাপে মোট ১৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয় বলে দাবি প্রযোজকের। তরুণবাবু বলছেন, প্রথমে দ্রুত কাজ শুরু হবে বলে আশ্বাস দিলেও পরে বারবার শ্যুটিংয়ের দিন পিছিয়ে দেন সোহম। ব্যস্ততার অভিযোগ দিয়ে দীর্ঘদিন কাজ ঝুলিয়ে রাখা হয়। এভাবে কয়েক বছর কেটে গেলেও কাজের কাজ কিছুই হয়নি।
প্রযোজক বলছেন, আর্থিক সমস্যার জেরে পরবর্তীতেত তিনি সোহমের কাছে টাকা ফেরত চান। তখনই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। মিথ্যা মামলায় ফাঁসানোরও ভয় দেখানো হয়। তিনি বলছেন, এক টাকাও ফেরত দেয়নি। উল্টে টাকা চাইতে গেলে ক্ষমতায় জোরে আমাকে করে দেবে বলছে। সেই কারণেই দীর্ঘদিন ভয়ে প্রকাশ্যে কিছু বলতে পারিনি।
অবশেষে বৃহস্পতিবার রাতে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তরুণ দাস। পুলিশে অভিযোগ দায়ের নিয়ে সোহমের কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কয়েকদিন আগে এই প্রযোজকের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছিল অভিনেতাকে। তাঁর পাল্টা দাবি, তরুণ দাসই তাঁকে ভিন্নভাবে হুমকি দিয়েছেন। এমনকি জয় শ্রী রাম স্লোগান দিয়ে তীর-ধনুক নিয়ে হামলার হুমকিও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রযোজকের বিজেপির একাধিক নেতা-মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় রয়েছে বলেও তাঁকে ভয় দেখানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।