
পূর্ব মেদিনীপুর: বদলে গেল দিঘার চেনা ছবি। সমুদ্র সৈকতে আর দোকান দেখতে পাবেন না। হকারমুক্ত করা হল দিঘা সি-বিচ! পর্যটকদের নিরুপদ্রবে ভ্রমণের আনন্দ নিশ্চিত করতে দিঘা সৈকতকে হকারমুক্ত ঘোষণা করল প্রশাসন।
সোমবার দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রচারের পরই গতকাল, মঙ্গলবার থেকে দেখা গিয়েছে পরিবর্তনের ছবি। একদিকে যেখানে প্রশাসনের তরফে মাইকিং করা হয় যে মেদিনীপুর পুলিশ, দিঘা থানা, মোহনা থানার নির্দেশে দিঘা সি বিচে সম্পূর্ণ রূপে হকারি বন্ধ থাকবে। সেখানেই হকাররা স্বতঃস্ফূর্তভাবে সমুদ্র সৈকত খালি করে দিয়ে নাগরিক সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রাজ্যের পর্যটন মানচিত্রে দিঘার জনপ্রিয়তা চিরকালের। আর তার মূল কেন্দ্রবিন্দুই হল এই মনোরম সমুদ্রসৈকত। পর্যটকরা যাতে খোলামেলা পরিবেশে, স্বাচ্ছন্দ্যে সমুদ্রের রূপ উপভোগ করতে পারেন, তার জন্য কঠোর পদক্ষেপ করেছে প্রশাসন। সৈকতে সকলের মুক্ত চলাচলে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই কারণেই সমুদ্র সৈকতে হকারদের বসতে বারণ করা হয়েছে। হকাররাও সেই নির্দেশ মেনে নিয়েছেন। তারাও আর সমুদ্র সৈকতে পসরা সাজিয়ে বসছেন না।
প্রশাসনের কড়া নজরদারি এবং হকারদের ইতিবাচক সহযোগিতায় নতুন করে সেজে উঠছে দিঘা। অতিরিক্ত জেলাশাসক তথা পর্ষদের প্রশাসক অশোক প্রতীক ধুমাল জানিয়েছেন, পর্যটকদের অবাধ চলাচলের সুরক্ষায় নেওয়া পদক্ষেপ অপরিবর্তিতই থাকবে।