
হুগলি: ফের বড়সড় দুর্ঘটনা এড়াল রেল। অল্পের জন্য রক্ষা পেল ট্রেন। আচমকা রেল লাইনের মাঝে দেখা দেয় বড় ফাটল। চোখে পড়ে যাওয়ায় দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেন। যাত্রী সহ বেশ কিছুক্ষণ লাইনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। হুগলির বেলমুড়ি স্টেশন রেলগেটের কাছে রেললাইনে ওই ফাটল দেখা যায় শুক্রবার সকালে। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।
হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের কাছে ফাটলের খবর পেয়েই ছুটে যান রেলকর্মীরা। তড়িঘড়ি লাইন মেরামত করার কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টা সেখানেই দাঁড়িয়ে থাকে ১২৫০৯ আপ এসএমভিটি(ব্যাঙ্গালোর) গুয়াহাটি এক্সপ্রেস। জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে হাওড়া এসে গুয়াহাটির দিকে ফিরে যাচ্ছিল এক্সপ্রেস ট্রেনটি।
লাইনে বড়সড় ফাটল দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা খবর দেন রেলের গেটম্যানকে। গেটম্যানই সিগনাল ‘রেড’ করে ট্রেন দাঁড় করিয়ে দেয় ট্রেনটিকে। তৎপরতার সঙ্গে লাইন মেরামতের কাজ করে পুনরায় ট্রেন চালু করা হয়েছে।
কেন এমনটা হল? পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানাচ্ছেন, তাপমাত্রার তারতম্যের জন্য এভাবে লাইনে ফাটল দেখা দেয়। বেলমুড়িতে ৪০ নম্বর গেটের কাছে ওই ফাটল চোখে পড়ে। সঙ্গে সঙ্গে মেরামত করে দেওয়া হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিকও হয়ে গিয়েছে।