
সিঙ্গুর: কৃষকদের ফসল বিক্রি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। মাঝে অনেকে ঢুকে পড়ায় সঠিক দাম পান না বলে অভিযোগ তোলেন কৃষকরা। পালাবদলের পর এবার কৃষকদের ফসল বিক্রির পদ্ধতি আমুল পরিবর্তন করা হচ্ছে বলে জানালেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সিঙ্গুরে গিয়ে তিনি জানিয়েছেন, কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল কিনতে এবার নতুন পন্থার কথা ভাবছে রাজ্য সরকার।
সোমবার সিঙ্গুরে কৃষক বাজার ও সুফল বাংলা পরিদর্শন করেন দিলীপ ঘোষ। সিঙ্গুর কৃষক বাজারে হাজির হয়েছিলেন তিনি। এলাকার বিধায়ক অরূপ কুমার দাসকে সঙ্গে নিয়ে সিঙ্গুর কৃষক বাজারে সুফল বাংলার কাজকর্ম ঘুরে দেখেন ও কথাবার্তা বলেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আমরা চেষ্টা করি, কৃষকদের থেকে সরাসরি ফসল কিনতে। না হলে মাঝে অনেক লোক ঢুকে পড়ে। তাই সুফল বাংলাকে ঢেলে সাজানো হবে। এর বিস্তার হবে। ফড়ে রাজ বন্ধ করা হবে।”
মন্ত্রী জানান, বর্তমানে কৃষি হাবে ফসল বিক্রি করতে যান কৃষকরা। তাঁদের ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে যেতে হয়। সেই কষ্ট যাতে আর না করতে হয়, সেই কারণে গ্রামে গ্রামে গাড়ি নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি। ঠিক যেভাবে দুধ কেনা হয়, সেভাবেই এবার ফসল কেনা হবে বলে জানান তিনি।
পাশাপাশি মন্ত্রী আরও বলেন, “অনেক কৃষকমান্ডি পড়ে আছে। সেগুলো নিয়ে অকশন করে নতুন করে শুরু করা হবে, যাতে অনেকে ব্যবসা করতে পারে।”