
হুগলি: একুশে জুলাইয়ের সভায় আসার আগেই গ্রেফতার অসিত মজুমদার। তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে তাঁকে। এর আগেও একবার অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। পরে মমতাপন্থী অসিতের বিরুদ্ধে পুরনো তোলাবাজির অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাঁকে তলব করা হয় থানায়।
এদিকে একুশে জুলাইয়ের মঞ্চে আসার জন্য তৈরি হচ্ছিলেন অসিত। তখনই সাতসকালে তাঁর বাড়িতে হাজির হয় পুলিশ। তোলবাজির মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁকে।
এর আগে এক অশান্তির ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে গ্রেফতার করা হয়েছিল। সোনারপুরে নিহত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় সোনারপুরে প্রবল জনরোষে পড়েন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দিকে ছোড়া হয় ডিম, ঢিল, জুতো। জামার কলার ধরে টানা হয়। সেই ঘটনায় চুঁচুড়ায় পাল্টা বিক্ষোভ দেখান প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ কয়েকজন। সেই সময়েই পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন মোট ১০ জন। প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা,তোলাবাজি, শ্লীলতাহানীর অভিযোগে ১৯ দিন পর জামিনে জেল থেকে মুক্তি পান হুগলি জেলা তৃণমূল সভাপতি অসিত মজুমদার।
এদিন তাঁকে গ্রেফতারের পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে আসার সময় গ্রেফতারি প্রসঙ্গে বলেন, “সব আমার ভাগ্যের দোষ।”