Howrah: প্রমোটারের দাদাগিরি! ১৬ লক্ষ টাকা না পেয়ে জমির মালিককে রড দিয়ে বেধড়ক ‘মারধর’

Howrah Clash: আহত রফির ছেলে সাহাজাদা খানসহ কয়েকজনের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত সাহাজাদা খানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশকে জানিয়েছেন যে, জমির মালিককে ধার্য করা ৪০ শতাংশের থেকেও বেশি জায়গা দেওয়া হয়েছিল, আর সেই অতিরিক্ত জায়গার টাকাই তিনি চেয়েছিলেন।

Howrah: প্রমোটারের দাদাগিরি! ১৬ লক্ষ টাকা না পেয়ে জমির মালিককে রড দিয়ে বেধড়ক মারধর
আহত ব্যক্তিImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 07, 2026 | 4:48 PM

হাওড়া: জমির মালিক ও প্রমোটরের মধ্যে টাকাপয়সার বকেয়াকে কেন্দ্র করে চরম গোলমাল। তার থেকে রক্তারক্তিকাণ্ড হাওড়ার জি টি রোড সংলগ্ন ফজির বাজার এলাকায়। অভিযোগ, দাবি মতো ১৬ লক্ষ টাকা না পেয়ে প্রমোটর ও তাঁর দলবল লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে জমির মালিককে। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফজির বাজারের বাসিন্দা মহম্মদ রফি তাঁর আড়াই কাঠা জমি আবাসন তৈরির জন্য কয়েকজন প্রমোটরকে পার্টনারশিপে দিয়েছিলেন। সেই জায়গায় চারতলা বহুতল গড়ে ওঠে। চুক্তি অনুযায়ী, বহুতলের ৬০ শতাংশ প্রমোটর গোষ্ঠী এবং বাকি ৪০ শতাংশ পাবেন জমির মালিক। কিন্তু মালিকপক্ষের দাবি, চুক্তি অনুযায়ী তাঁদের প্রাপ্য অংশের ফ্ল্যাটগুলির নির্মাণকাজ সম্পূর্ণ না করেই প্রমোটর পক্ষ তাঁদের কাছে বেআইনিভাবে অতিরিক্ত ১৬ লক্ষ টাকা দাবি করতে থাকে।

ওই টাকা দিতে রাজি না হওয়ায় লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অভিযোগ, সম্প্রতি প্রমোটর ও তাঁর অনুগামীরা রড নিয়ে সোজা ফ্ল্যাটে চড়াও হয়ে হামলা চালায়। অতর্কিত এই হামলায় রক্তাক্ত হয়ে পড়েন মহম্মদ রফি।

 আহত রফির ছেলে সাহাজাদা খানসহ কয়েকজনের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত সাহাজাদা খানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি পুলিশকে জানিয়েছেন যে, জমির মালিককে ধার্য করা ৪০ শতাংশের থেকেও বেশি জায়গা দেওয়া হয়েছিল, আর সেই অতিরিক্ত জায়গার টাকাই তিনি চেয়েছিলেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, আবাসন সংক্রান্ত বিতর্ক ও মারামারির ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

Loading...
Unable to load recommendations.
Follow Us