
হাওড়া: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের। স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের জালান কমপ্লেক্সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের বাসিন্দা রাহুল শেখ তাঁর স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন জালান কমপ্লেক্সের তিন নম্বর গেটের পাঁচ নম্বর লেনে। দু’জনেই কাজ করতেন গেঞ্জি কারখানায়।এই কারখানার ঠিকাদার রোশন কুমারের সঙ্গে রাহুলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনেক বছর ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে অশান্তি হত। কিন্তু গেঞ্জি কারখানায় যোগ দেওয়ার পর এই অশান্তি আরও বেড়ে যায়। কারণ ওই কারখানারই এক জনের সঙ্গে ওই মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। এনিয়ে ওই দম্পতির মধ্যে বিবাদ চরমে ওঠে। স্বামীর চাপে বাধ্য হয়ে ঠিকাদারের বিরুদ্ধে ডোমজুড় থানায় মঙ্গলবার শ্লীলতাহানির অভিযোগ করেন মহিলা। পুলিশ ঠিকাদারকে গ্রেফতার করে।
কিন্তু এরপরেও স্বামী স্ত্রীর ঝামেলা থামেনি। আজ ঘর থেকে স্ত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে স্বামী রাহুল শেখ পলাতক।সেকারণেই পুলিশের সন্দেহ এটা খুনের ঘটনা। ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।