
হাওড়া : আবারও শালিমার স্টেশন। আবারও দুরন্ত এক্সপ্রেস। ভোট আবহে ফের লাখ লাখ টাকা উদ্ধার। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে জিআরপি। ধৃত ব্যক্তি নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ট্রেনে করেই বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে, শালিমার স্টেশনে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করেছে জিআরপি।
পুলিশ সূত্রে খবর, গতকাল পটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেস থেকে স্টেশনে নামে ওই যুবক। তাঁর গতিবিধি সন্দেহজনক লাগছিল। এরপরেই জিআরপি ওই ব্যাক্তিকে আটক করে তল্লাশি শুরু হয়। তল্লাশির পর তাঁর কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তার মধ্যে রয়েছে ইউরো, ডলার এবং নেপালের কারেন্সি। ভারতীয় টাকায় প্রায় ২৩ লক্ষ ৬৩ হাজার ৮০০ টাকার বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতের নাম ইন্দ্র বাহাদুর কাটোয়াল। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানিয়েছেন, নেপালের বাসিন্দা তিনি। পুলিশকে তিনি জানিয়েছেন, এই অর্থ দিয়ে ইলেকট্রনিকস সামগ্রী কেনার উদ্দেশ্যে এখানে এসেছিলেন। তবে এই বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ নথি বা প্রমাণ তিনি দেখাতে পারেননি। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় জিআরপি তাঁকে গ্রেফতার করে। জিআরপি সূত্রে খবর, আজ তাঁকে হাওড়া জেলা আদালতে পেশ করা হবে।
দিন কয়েক আগেই শালিমার স্টেশনে একইভাবে লাখ লাখ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। রেলপথে মোটা অঙ্কের টাকা নিয়ে পটনা থেকে শালিমারে এসেছিলেন বিহারের যুবক। তাঁর কাছ থেকে বিদেশি টাকা বাজেয়াপ্ত করেছে জিআরপি আধিকারিকরা। যেগুলি ডলার ও ইউরোতে ছিল। ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ ২৬ হাজার ৯০০ মূল্যের বিদেশি টাকা উদ্ধার হয়। দিন কয়েকের মধ্যেই ভোটের মুখে ফের শালিমার স্টেশন থেকে বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।