
হাওড়া: বাবা মুম্বইয়ের ফিল্ম ডিরেক্টর। মেয়ে আইন নিয়ে পড়াশোনা করতেন, জাতীয় স্তরের খেলোয়াড়ও। মুম্বই ফেরার কথা ছিল তাঁর। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে সেলফি মেয়ের। আর সেটাই শেষ। মুম্বাইয়ের ফিল্ম ডিরেক্টরের স্ত্রী ও মেয়ের উত্তরপাড়ায় রেল ট্র্যাক পার হতে গিয়ে বৈশালী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু। মৃতদের নাম আভা ঝা, ওরফে আভা মোহিত ঝা, বয়স ৪৮ বছর এবং তাঁর মেয়ে প্রগতি ঝা, বয়স ১৯ বছর।
প্রগতি মুম্বই থেকে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁরা মুম্বাইয়ে থাকেন। আভার স্বামী মোহিত কুমার ঝা মুম্বাইয়ে ফিল্ম ডিরেক্টর। ছট উপলক্ষে তাঁরা ধানবাদে গিয়েছিলেন। সেখান থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। আগামীকাল তাঁদের মুম্বাই ফেরার ফ্লাইট ছিল। রাত ১১ টা নাগাদ উত্তরপাড়া স্টেশন এলাকায় ট্র্যাক পার হওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পরিবারের লোকজন বেলুড় জিআরপিতে এসেছেন।
মৃতদেহের পরিবারের সদস্য চন্দন কুমার ঝা জানিয়েছেন, তিনি ভাগলপুরে অ্যাডভোকেট। গ্রামের বাড়ি থেকে তিনি এসেছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের সহযোগিতা করছেন বলে জানিয়েছেন তিনি।এই ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া।