
হাওড়া: রহস্যজনকভাবে নিখোঁজ হাওড়ার (Howrah) প্রতিভাবান রাইফেল শুটার। দময়ন্তী সেন নামে হাওড়ার ও শুটারের বয়স ১৫ বছর। মধ্য হাওড়ার ৩০/২ উমাচরন ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী। জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছিলেন দময়ন্তী। প্রতিদিন অনুশীলনও করতেন নিয়ম করে। বৃহস্পতিবার থেকে নিখোঁজ হয়ে যান তিনি। তাঁর মোবাইল ফোনটিও রয়েছে বাড়িতেই।
দময়ন্তীর পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকালে দোকানে কেনাকাটা করতে বেরিয়েছিল দময়ন্তী। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য যে সব জায়গায় দময়ন্তী যেতে পারে, সেখানে খোঁজ চালায় পরিবার। কোনও লাভ হয়নি। পরে পুলিশের দ্বারস্থ হয় তারা।
হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মে থাকা সিসিটিভি ফুটেজে তাকে শেষ দেখা যায়। দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন জানান, তাঁর মেয়ে জাতীয় দলে ট্রায়ালের সুযোগ পেয়েছে। ভালো সাফল্য পেয়েছে। প্রতিদিন সকালে তার মেয়ের অনুশীলন থাকে। বুধবার রাতে তাই তাড়াতাড়ি শুয়ে পড়েছিল দময়ন্তী। মেয়ের মোবাইলটিও তাঁর কাছেই ছিল।
বাড়িতে কোনও অশান্তি হয়নি বলেও জানানো হয়েছে পরিবারের তরফে। কিন্তু তারপরেও কী এমন হল, তা বোঝা যাচ্ছে না। উদ্বিগ্ন গোটা পরিবার ও সতীর্থরা। ইতিমধ্যে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সমাজমাধ্যমে তার নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। পুলিশ গুরুত্ব সহকারে ঘটনার তদন্ত শুরু করেছে।