
সন্ধ্যা ৬ টা ২৭ : জয়ী তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। ৪৩,৩৫০ ভোটে জিতলেন তিনি।
বিকেল ৪টে ৩২ : ইসলামপুরে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ২৫,৪৩০ ভোটে এগিয়ে।
সকাল ১১টা ১৭: ইসলামপুরে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ২৮০০০ + ভোটে এগিয়ে।
ইসলামপুর : উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত ইসলামপুর বিধানসভা কেন্দ্র। এটি রায়গঞ্জ লোকসভার অন্তর্গত। ১৯৫৭ সালে গঠিত হয়। এক সময় এটি বিহারের পুর্নিয়া জেলার অংশ ছিল। উত্তর দিনাজপুরের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র।
ইসলামপুরের রাজনীতিতে প্রথম দিকে কংগ্রেসের আধিপত্য ছিল। পরবর্তীকালে বারবার রাজনৈতিক পালাবদল ঘটেছে। ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাম ও কংগ্রেস দ্বিমুখী লড়াই ছিল। ২০০১ সালে ঘাসফুল ফোটে এই কেন্দ্রে। শুরু হয় ত্রিমুখী লড়াই। ইসলামপুরের দাপুটে নেতা আবদুল করিম চৌধুরী এই কেন্দ্র থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছেন। প্রথমে কংগ্রেস বিধায়ক, পরে তৃণমূলে যোগ দিয়ে এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছেন আবদুল চৌধুরী।
ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল এবার প্রার্থী করেছে কানাইয়ালাল আগরওয়ালকে। তাঁর বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়ছেন চিত্রজিৎ রায়। এখনও পর্যন্ত এই কেন্দ্রে খাতা খুলতে পারেনি বিজেপি। রাজনৈতিক মহল বলছে, ইসলামপুর কেন্দ্রে জেতার লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূল।