
জলপাইগুড়ি: জলপাইগুড়িতে নতুন পৌর বোর্ড গঠনের মুখে মমতাপন্থীরা। আর সেই আবহের মধ্যে পদত্যাগ করলেন আরও এক কালীঘাট পন্থী তৃণমূল কাউন্সিলর। ঋতব্রত শিবির থেকে বোর্ড ভেঙে যখন জলপাইগুড়ি পুরসভায় নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছে মমতাপন্থী কাউন্সিলররা ঠিক তখনই শিবিরের অন্যতম মুখ ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আইনজীবী সুব্রত পালের ইস্তফা চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
মঙ্গলবার বিকালে ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে পুরসভার এক্সিকিউটিভ অফিসারের কাছে ইস্তফা পত্র পাঠিয়ে দেন সুব্রত।এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মমতাপন্থী কাউন্সিলরদের মধ্যে। কেন তিনি হঠাৎ বোর্ড গঠনের মুখেই পদত্যাগ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলন করে সুব্রত পাল জানান, তিনি আর চাপ নিতে পারছেন না। তাছাড়া শারীরিক এবং ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন তিনি। তবে কী ব্যাপারে তার চাপ তা খোলসা করেন নি পদত্যাগী তৃণমূল এই কাউন্সিলর।
সুব্রত পাল নিজেই বললেন, “কাউন্সিলর পদটা ছেড়ে দিলাম। বেশ কিছুদিন ধরে একটা চাপ অনুভব করছিলাম। কাউন্সিলরশিপ হিসাবে যে জার্নিটা আমার ছিল, সেই অধ্যায়টা আজকে শেষ হল। যে বোর্ড ছিল, সেটা অসাংবিধানিকভাবে ভেঙে দেওয়া হয়েছিল। এটাই ভালো আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।”