
নকশালবাড়ি: ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পাশের বাড়ির মুদি দোকানদারসহ মোট তিনজনকে গ্রেফতার করল পুলিশ। পরিবার সূত্রে লিখিত অভিযোগ দায়ের করার পর গতকালই পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে আরও একজনকে ধরা হয়। ধৃত তিনজনকে আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশের পর আজ তদন্তের স্বার্থে এবং অকাট্য প্রমাণ সংগ্রহ করতে অভিযুক্তদের কোমরে দড়ি বেঁধে অকুস্থলে নিয়ে যায় পুলিশ। নাবালিকাকে কোথায় নিয়ে গিয়ে নির্যাতন চালানো হয়েছিল, ঘটনার পেছনে আর কেউ জড়িত রয়েছে কি না এবং অপরাধের ধাপগুলি কীভাবে ঘটেছিল—তা খতিয়ে দেখতেই এলাকায় অভিযুক্তদের নিয়ে ‘রিকনস্ট্রাকশন অব ক্রাইম’ বা ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হয়।
নকশালবাড়ি সার্কেলের এসডিপিও সৌমজিৎ রায় জানান, “ঘটনায় জড়িত ৩ জন অভিযুক্তকেই ধরা হয়েছে। আজ তদন্তের অগ্রগতি ও ঘটনার জলজ্যান্ত প্রমাণ সংগ্রহের জন্যই এই রিকনস্ট্রাকশন অব ক্রাইম প্রক্রিয়া সম্পন্ন করা হল।”
অন্যদিকে, স্থানীয় বিধায়ক দুর্গা মুর্মু ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “অভিযুক্তদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই কঠিন সময়ে আমরা নির্যাতিতা ও তার পরিবারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছি।”