
জলপাইগুড়ি: গোটা রাজ্য জুড়েই বামেদের বুকস্টল ভাঙচুরের অভিযোগ উঠছে। সপ্তমীতেও বামপন্থীদের বুকস্টল বুলডোজার দিয়ে ভাঙার অভিযোগ উঠেছিল। এই আবহের মধ্যেই এবার আরএসএস (RSS)-এর মুখে অন্য কথা। বামেদের বুকস্টলেই যেতে বলল তারা। কেন? RSS এর উত্তরবঙ্গ প্রান্তের কার্য্যকারনি সদস্য ডাক্তার বিশ্বপ্রতিম রুদ্র জানালেন, “যাঁরা নাস্তিক, পুজো আসলে তাঁরা কেন বইয়ের দোকান খোলে? কী আছে তাদের বইতে? তারা কি হিন্দু ধর্ম বিরোধী কিছু লিখে প্রচার করছে? তা আমাদের জানতে হবে। তাই সিপিএমের বুক স্টলে যান। ওদের বই কিনুন। পড়ুন।”
এদিন তার বক্তব্য রাখতে গিয়ে ডাক্তার রুদ্র নকশালদের বিরুদ্ধে তোপ দেগে বলেন,
“নকশালদের কেন্দ্রিয় সরকারের বাহিনী খতম করছে। কিন্তু দিমাগি নকশালদের আমাদের বৈচারিক ভাবে নিষ্ক্রিয় করতে হবে।” জেন জি প্রসঙ্গে ডাক্তার রুদ্র বলেন, “জেন জি-দের সবাই দেশ বিরোধী নয়। একটি অংশকে ভুল বুঝিয়ে পথে নামিয়েছে বিদেশি মদতপুষ্ট দলগুলি। এরা আমাদের ঘরের সন্তান। তাই ওদের বোঝাতে হবে।”
RSS নেতার মন্তব্যকে স্বাগত জানিয়েছেন CPM-এর জলপাইগুড়ি জেলা সম্পাদক পিযুশ মিশ্র। তাঁর দাবি সিপিএম কখনও ধর্ম বিরোধী নয়। তাই তাদের বইতে কী আছে তা জানতে RSS কর্মীদের তাদের বুকস্টলে আসার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শনিবার রাতে জলপাইগুড়ি শহরের প্রাণ কেন্দ্র কদমতলা মোড়ে ‘রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ’ এবং ‘হিন্দু জাগরণ মঞ্চের’ যৌথ উদ্যোগে একটি রাষ্ট্র বাদী সাহিত্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন ডাঃ বিশ্ব প্রতিম রুদ্র। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিজেপি বিধায়ক অনন্ত দেব অধিকারী, সঙ্ঘের জেলা প্রচার প্রমুখ, হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা।