Bandna Festival: সিঁদুর-আলতার ছাপ, গলায় মালা আর পায়ে ঘুঙুর, গরু-চুমানোতে মাতে ঝাড়গ্রামবাসী

Bandna Festival Cattle Marriage বিয়ের দিন খুব ভোরে ঘরের বলদ ও গাভীদের স্থানীয় নদী বা পুকুরে নিয়ে যাওয়া হয়। ভালো করে স্নান করিয়ে গামছা দিয়ে গা মোছানোর পর শিং-এ মাখানো হয় খাঁটি সর্ষের তেল। কপাল ও শরীরে সিঁদুর-আলতার ছাপ, গলায় সুন্দর মালা আর পায়ে পরানো হয় ঘুঙুর। অবিকল নতুন বরের রূপ পায় গৃহপালিত পশুপাল।

Bandna Festival: সিঁদুর-আলতার ছাপ, গলায় মালা আর পায়ে ঘুঙুর, গরু-চুমানোতে মাতে ঝাড়গ্রামবাসী
বাদনা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 10, 2026 | 4:02 PM

ঝাড়গ্রাম:  পাত্র-পাত্রী তৈরি, কপাল ও শরীরে সিঁদুর-আলতার ছাপ, গলায় মালা আর পায়ে পরানো ঘুঙুর। চারপাশে বাজছে ধামসা-মাদল, ধুমধাম করে সম্পন্ন হল বিয়ে! তবে এ কোনও মানুষের বিয়ে নয়। এ বিয়ে দেখতে হলে আপনাকে পৌঁছাতে হবে জঙ্গলমহলের লাল মাটির দেশে।

কার্তিক অমাবস্যার রাতে চারদিক যখন আলোর রোশনাই আর কালীপুজোয় মেতে ওঠে, ঠিক তখনই বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের কুড়মি, ভূমিজ, লোধা ও মাহাতো সম্প্রদায়ের ঘরে ঘরে শুরু হয়ে যায় এক আশ্চর্য লোকউৎসব—‘বাঁদনা পরব’। সহজ কথায় এটি গরুর বন্দনা বা গো-সেবা। রুক্ষ মাটিতে আমন ধান ঘরে তোলার মুখে অবলা প্রাণীদের প্রতি কৃষকের অন্তরের কৃপণতাহীন কৃতজ্ঞতা প্রকাশের উৎস এটি। কালীপুজোর রাত থেকে শুরু হয়ে ভাইফোঁটা পর্যন্ত চলা এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায় হলো ধুমধাম করে ‘গরুর বিয়ে’।

কীভাবে সম্পন্ন হয় এই অভিনব আচার? রইল তার খুঁটিনাটি:

স্নান ও রাজকীয় সাজ: বিয়ের দিন খুব ভোরে ঘরের বলদ ও গাভীদের স্থানীয় নদী বা পুকুরে নিয়ে যাওয়া হয়। ভালো করে স্নান করিয়ে গামছা দিয়ে গা মোছানোর পর শিং-এ মাখানো হয় খাঁটি সর্ষের তেল। কপাল ও শরীরে সিঁদুর-আলতার ছাপ, গলায় সুন্দর মালা আর পায়ে পরানো হয় ঘুঙুর। অবিকল নতুন বরের রূপ পায় গৃহপালিত পশুপাল।

পিটুলির আলপনায় ‘গরয়া পুজো’: উৎসবের সকালে চালের গুঁড়ো বা পিটুলি গোলা দিয়ে উঠোন থেকে গোয়ালঘর পর্যন্ত আঁকা হয় দৃষ্টিনন্দন আলপনা। এরপর অনুষ্ঠিত হয় ‘গরয়া পুজো’, যার মূল উদ্দেশ্য গবাদি পশুর সুস্বাস্থ্য ও সংসারের মঙ্গলকামনা।

ধান-দুর্বায় ‘চুমানো’ বা বরণ: পিঁড়িতে বসা বরের মতোই উঠোনে এনে দাঁড় করানো হয় গরুদের। কাঁসার থালায় জ্বলন্ত প্রদীপ, ধান আর দুর্বা নিয়ে বাড়ির মহিলারা নতুন বরের মতো তাদের আরতি করেন। খাওয়ানো হয় নতুন ধান, তাজা সবুজ ঘাস আর মিষ্টি। স্থানীয় ভাষায় এই রীতির নাম ‘গরু চুমানো’।

অহীরা গানের সুর: বরণের আবহে চারপাশ মুখরিত হয়ে ওঠে জঙ্গলমহলের আদি লোকগান ‘অহীরা’র সুরে। এই গানের কথা ও ছন্দে ফুটে ওঠে বিয়ের আসর, কনেপক্ষ আর বরযাত্রী আগমনের নানা উপাখ্যান। গান ও মাদলের তালে পুরো গ্রামজুড়ে তৈরি হয় খাঁটি বিয়ের পরিবেশ।

প্রতিপদে এই গো-বন্দনার পর ভাইফোঁটার দিন ‘গরু খুঁটা’ উৎসবের মধ্য দিয়ে পর্দা নামে বাঁদনার। আধুনিক প্রযুক্তির যুগে যখন সম্পর্কের সমীকরণ দ্রুত বদলাচ্ছে, তখন প্রকৃতির কোলে থাকা মানুষের জীবনদায়ী পশুর প্রতি এমন নিখাদ ভালোবাসা আজও জঙ্গলমহলের সংস্কৃতিকে অনন্য মর্যাদায় টিকিয়ে রেখেছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us