লেপটা কি বার করবেন? এই খবরটা আগে জেনে নিন

Nov 25, 2026 | 4:04 PM

কলকাতার আবহাওয়ার বড় আপডেট, অবশেষে কুড়ির নীচে নামল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। একদিনেই ৩.২ ডিগ্রি সেলসিয়াস কমে কলকাতার পারদ ১৯ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং সপ্তাহান্তে তা ১৭ ডিগ্রিতে নামার পূর্বাভাস রয়েছে, তবে এল নিনোর প্রভাবে এবার বাংলায় একটানা জাঁকিয়ে শীত পড়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

অবশেষে অপেক্ষার অবসান! কুড়ির নীচে নামল কলকাতার পারদ। একদিনেই ৩.২ ডিগ্রি সেলসিয়াস কমে শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছে ১৯ ডিগ্রিতে। ঘূর্ণিঝড় আকভানের রেশ পুরোপুরি কাটতেই রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে-পশ্চিমী হাওয়া। হাওয়া অফিস বলছে, সপ্তাহান্তে শীতের আমেজ আরও বাড়বে। শনি-রবিবার নাগাদ কলকাতার পারদ ১৭ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ১৫ ডিগ্রির ঘরে নামতে পারে। আগামী সাত থেকে দশ দিন বৃষ্টির কোনও আশঙ্কাই নেই। নভেম্বর শেষে আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরি হলেও বাংলায় তার প্রভাব পড়ার ইঙ্গিত নেই।

তবে এখন পারদ নামলেও গোটা মরশুমে জাঁকিয়ে শীত পড়া নিয়ে সংশয় রয়েছে। সাধারণত ২০১১, ২০১২ কিংবা ২০২২ সালে অক্টোবরেই কলকাতার পারদ কুড়ির নীচে নেমেছিল। সেখানে এবছর দেরিতে শীত ঢুকল। উপরন্তু আন্তর্জাতিক সংস্থা আইসিআইএমওডি-র পূর্বাভাস, এল নিনোর প্রভাবে এবার স্বাভাবিকের চেয়ে বেশি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। ফলে পাহাড়ে প্রবল তুষারপাত হলেও সমতলে কনকনে হাওয়া বাধাপ্রাপ্ত হবে। তাই বাংলায় একটানা শীতের আশা কিছুটা কমই। এখন নজর নভেম্বর শেষে মৌসম ভবনের চূড়ান্ত রিপোর্টের দিকে।

Follow Us
Loading...
Unable to load recommendations.