
মালদহ: ভয়াবহ গঙ্গার ভাঙন। তলিয়ে গেল ২২ বাড়ি, দুই প্রাথমিক স্কুল, আতঙ্কে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। গঙ্গার জল কমতেই ফের ভয়াবহ ভাঙন রতুয়া-১ ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা ও মুলিরামটোলা এলাকায়। বুধবার ভোর থেকে ব্যাপক হারে পাড় ভাঙতে শুরু করে গঙ্গা। মুহূর্তের মধ্যে প্রায় ২২টি বাড়ি নদীগর্ভে তলিয়ে যায়।
চোখের সামনে ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি, মন্দির ও স্কুল নদীতে চলে যাওয়ায় আতঙ্কে বাড়িঘরের আসবাবপত্র নিয়ে এলাকা ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। এদিন জিতুটোলা প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণভাবে গঙ্গায় তলিয়ে যায়। মুলিরামটোলা প্রাথমিক বিদ্যালয়েরও সিংহভাগ নদীগর্ভে চলে গিয়েছে। বাকি অংশটুকুও যে কোনও মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শুধু সময়ের অপেক্ষা। ভাঙনের কবলে পড়েছে জিতুটোলার মনসা মন্দিরও।
পাশাপাশি রাধাগোবিন্দ মন্দিরের সামগ্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রও সময় থাকতে সরিয়ে নিতে শুরু করেছেন বাসিন্দারা একের পর এক বাড়ি নদীগর্ভে চলে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে ভাঙন চলতে থাকলে ভবিষ্যতে মহানন্দটোলার বিস্তীর্ণ এলাকা মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। দ্রুত ভাঙন রোধে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তাঁরা।