
মালদহ: এই প্রতিবেদন যখন প্রকাশিত হচ্ছে, তখন বেলা বারোটা বেজে গিয়েছে। এখন পর্যন্ত যা ট্রেন্ড, তাতে তৃণমূল ডবল ডিজিটে নেমে এসেছে। বিজেপি ১৮৬, তৃণমূল ৯৭-৯৯ এর মধ্যে ঘোরাফেরা করছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় দেখা গিয়েছে, গেরুয়া আবির খেলা শুরু হয়ে গিয়েছে। মালদহে এরই মধ্যে এমন ছবিও ধরা পড়ল, তৃণমূল ক্যাম্পের চেয়ার গুটিয়ে সরিয়ে রাখা হল। নিস্তেজ তৃণমূল নেতা কর্মীরা।
অন্যদিকে মালদা শহরের দখল নিল বিজেপি। চরম উচ্ছ্বাস। সঙ্গে বাজি। উড়ছে গেরুয়া আবির। রাস্তা জুড়ে বিজেপির কর্মী সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ভিড়। আবির খেলায় মেতেছেন মহিলারাও। আবার জলপাইগুড়ি তৃণমূলের পার্টি অফিসে বাঁদরের উৎপাত! বিশ্লেষকদের কাছে, এটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
একাধিক জেলায় বিভিন্ন প্রান্তে কিন্তু প্রায় একই ছবি ধরা পড়েছে। খাস কলকাতার বুকেও কিছু ধরা পড়েছে সেই ছবি। কলকাতায় সুজিত বসুর অফিস ফাঁকা। চেয়ার গুটিয়ে রাখা হয়েছে। জঙ্গিপাড়ায় কাউন্টিং সেন্টারের বাইরে ডিজে, আবির উড়ছে। হেস্টিংসেও বাজছে ডিজে মিউজিক।
রবিবার রাত থেকেই দেদার আবির বিকিয়েছে। তাতে একাধিক দোকানদার বলেছিলেন, বেশিরভাগ ক্ষেত্রেই গেরুয়া আবির কেনার ঝোঁক বেশি। এবার এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে কিন্তু গেরুয়া ঝড় ওঠারই সম্ভাবনা বেশি।