Malda: মণিপুরে শহিদ মালদহের BSF জওয়ান, শোকে পাথর পরিবার

BSF jawan from Malda Martyred in Manipur: ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল। বছর একষট্টির মন্টু মণ্ডল, কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। মন্টু মণ্ডল বলেন, "এখন আমার পরিবারের কী হবে, কিছুই বুঝতে পারছি না।"

Malda: মণিপুরে শহিদ মালদহের BSF জওয়ান, শোকে পাথর পরিবার
কান্নায় ভেঙে পড়েছেন মৃতের স্ত্রীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 11, 2026 | 8:41 PM

মালদহ: গুলিবিদ্ধ হয়ে মণিপুরে মৃত্যু হল মালদহের বাসিন্দা এক বিএসএফ জওয়ানের। শহিদ বিএসএফ জওয়ানের নাম মিঠুন মণ্ডল (৩৪)। তাঁর বাড়ি মোথাবাড়ির উত্তর লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকায়। বিএসএফের ১৭০ ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন-সহ প্রতিবেশীরা।

জানা গিয়েছে, মণিপুরের উখরুল জেলার মংকোট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে একটি গুলি এসে গায়ে লাগে মিঠুনের। গুলিবিদ্ধ হন তিনি। মৃত জওয়ানের খুড়তুতো দাদা মহাদেব মণ্ডল বলেন, “শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় মিঠুনের গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রায় ১৫ মিনিট পর আবার ফোন করে জানানো হয় মিঠুন শহিদ হয়েছেন।” তিনি বলেন, “মিঠুন আমাদের বলত, ওখানে বিশেষ সমস্যা নেই। কোথা থেকে এসে গুলি লাগল, বুঝতে পারছি না।”

আকস্মিক এই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল। বছর একষট্টির মন্টু মণ্ডল, কৃষিকাজ করে সংসার চালাতেন। দুই ভাইয়ের মধ্যে মিঠুনই ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। মন্টু মণ্ডল বলেন, “এখন আমার পরিবারের কী হবে, কিছুই বুঝতে পারছি না।” সরকারের কাছে সাহায্যের আর্তি জানান তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ৮ বছর ১১ মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ-র ১৭০ ব্যাটেলিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় ৬ বছর আগে তাঁর বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল (২৬) এবং তাঁদের দুটি ছোট সন্তান- ৫ বছরের ছেলে ও ৩ বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন সুলেখা। মিঠুনের ছবি হাতে নিয়ে কেঁদেই চলেছেন। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবার। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা-ও। যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন।

Follow Us