Kaliachak Incident: প্রচার সারছিলেন, রাস্তা থেকেই কংগ্রেস প্রার্থীকে আটক NIA-এর, মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক

NIA probe in Kaliachak incident: বেশ কিছুদিন প্রচার থেকেও দূরে ছিলেন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী।তবে, কয়েকদিন বাদে আজ যখন আলিনগরে প্রচার সারছিলেন, ঠিক সেইসময় তাঁকে তুলে নিয়ে যায় তদন্তকারী অফিসাররা। প্রথমে মোথাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পরে এনআইএ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সায়েম চৌধুরীকে।

Kaliachak Incident: প্রচার সারছিলেন, রাস্তা থেকেই কংগ্রেস প্রার্থীকে আটক NIA-এর, মোথাবাড়ি কাণ্ডে ধৃত আরও এক
সায়েম চৌধুরীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 12, 2026 | 6:06 PM

মালদহ : মোথাবাড়ির ঘটনায় তৎপর এনআইএ। তদন্তে নেমে এবার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরীকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ, প্রচার চলাকালীনই তাঁকে আটক করে এনআইএ। এছাড়া, আরও এক কংগ্রেস কর্মী ও ব্লক ছাত্র পরিষদ সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এদিকে, মোথাবাড়ির ঘটনায় ইতিমধ্যেই এক আইএসএফ সমর্থককে গ্রেফতার করেছে এনআইএ। বিচারকদের হেনস্থার ঘটনায় এটাই প্রথম গ্রেফতার এনআইএ-এর।

জানা গিয়েছে, বেশ কয়েকদিন বাদেই আলিনগরে প্রচারে বেরিয়েছিলেন কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। তিনি বারবার অভিযোগ করেছিলেন, তিনি স্বাভাবিকভাবে প্রচার করতে পারছেন না। টিভি৯ বাংলার ক্যামেরাতেই তিনি বারবার আশঙ্কা প্রকাশ করেছিলেন। তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে বলে বারবার দাবি করেছেন। বেশ কিছুদিন প্রচার থেকেও দূরে ছিলেন।তবে, কয়েকদিন বাদে আজ যখন আলিনগরে প্রচার সারছিলেন, ঠিক সেইসময় তাঁকে তুলে নিয়ে যায় তদন্তকারী অফিসাররা। প্রথমে মোথাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পরে এনআইএ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সায়েম চৌধুরীকে।

মোথাবাড়ির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ব্লক ছাত্র পরিষদ সভাপতি আসিফ সেখ এবং আরও এক কংগ্রেস কর্মীকেও আটক করা হয়েছে। এছাড়া মোথাবাড়ির এক পঞ্চায়েত সদস্যকেও আটক করেছে এন আই এ। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।

এদিকে, মোথাবাড়ি কাণ্ডে বিচারক হেনস্থার অভিযোগে এনআইএ-র হাতে প্রথম গ্রেফতার। আইএসএফ সমর্থক গোলাম রব্বানিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, ঘটনার দিন বিডিও অফিসের বাইরে গোলাম রব্বানিকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। একাধিক যে তথ্য প্রমাণ রয়েছে, তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন কী কী হয়েছিল, কেন বিডিও অফিসের ভিতরে বিচারকদের আটক করা হয়েছিল, সেই বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামিকাল তাঁকে আদালতে তোলা হবে। উল্লেখ্য, মোথাবাড়ির ঘটনায় ধৃত ৪৭ জন অভিযুক্তকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে এনআইএ। এবার আইএসএফ সমর্থককে হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারী অফিসাররা।

Follow Us