Malda TMC Murder: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মালদহে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ

Malda TMC Murder: পরিবারের আরও অভিযোগ, সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করতেন এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল। আর সেই আক্রোশেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ, বাপি ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।

Malda TMC Murder: বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মালদহে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ
নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যরাImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 19, 2025 | 7:32 PM

মালদহ: এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৃণমূল কর্মীকে তাড়া করে রাস্তায় নৃশংসভাবে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। সোমবারই উত্তরবঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ঠিক আগেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহে। জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ। বাড়ি ইংরেজবাজার থানাএলাকার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি এলাকায়।

মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, রবিবার রাতে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাঁকে একা পেয়ে টার্গেট করে দুষ্কৃতীরা। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে   রীতিমতো তাড়া করে  হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

পরিবারের আরও অভিযোগ, সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করতেন এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল। আর সেই আক্রোশেই তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ, বাপি ঘোষ-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।

রক্তাক্ত অবস্থায় সুবলকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।  এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ, বাকিরা পলাতক।

এই বিষয়ে মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিষ কুন্ডু বলেন, “সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ।”

অন্যদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের দাবি,  “এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদিপুর। কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে তত উত্তপ্ত হচ্ছে ওই এলাকা।” উল্লেখ্য, চলতি বছরেই মালদহে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে দোকান ঢুকে গুলি করে খুনের অভিযোগ ওঠে।

Follow Us