Rotten Eggs: পচা ডিম নিয়ে বসে দোকানিরা, বিক্রি নেই! আচমকা বদলে গেল ছবিটা?

Rotten Eggs in Malda: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদিও বলছেন তাঁদের জনসংযোগ এমনই রয়েছে যাতে ডিম ছোড়ার মতো কোনও চরম পরিস্থিতি তৈরি হবেই না। তাঁর সাফ কথা, “আমি কোনওদিন ক্ষমতার অপব্যবহার করিনি।”

Rotten Eggs: পচা ডিম নিয়ে বসে দোকানিরা, বিক্রি নেই! আচমকা বদলে গেল ছবিটা?
কী বলছেন ডিম বিক্রেতারা? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jun 30, 2026 | 6:11 PM

মালদহ: আশাহত ডিম ব্যবসায়ীরা। সামনে ভালো ডিমের সঙ্গে গাদা গাদা পচা ডিমের পসরা। কিন্তু বিক্রির আশায় জল। রাজ্যের নানা প্রান্তে তৃণমূলের দুর্নীতিবাজ নেতা দেখলেই উড়ে গিয়েছে গুচ্ছ গুচ্ছ পচা ডিম। পেটি পেটি পচা ডিম বিক্রি হয়েছে চড়া দামে। গোটা রাজ্যের পাশাপাশি মালদহতেও মানিকচক, চাঁচল, হবিবপুরে ডিম থেরাপি হয়েছে তৃণমূল নেতাদের লক্ষ্য করে। কিন্তু ব্যতিক্রম মালদহ শহর। বিশেষ করে ইংরেজবাজার পুর এলাকায় দোকানদাররা নিজেরাই পচা ডিম সাজিয়ে, দুর্গন্ধে জেরবার। কিন্তু বিক্রি নেই। 

এলাকারই এক দোকানদার নুর জামান বলছেন, “অনেক জায়গাতেই তো ডিম ছোড়া দেখছি। পচা ডিমও বেশি দামে বিক্রি হচ্ছে। কিন্তু এই পৌর এলাকায় কেউ ডিম ছুড়ছে না।” 

আর এক দোকানদার বলছেন, “অনেক জায়গাতেই শুনছি পচা ডিম বিক্রি হচ্ছে, কিন্তু এখানে হচ্ছে না। কেউ কিনছে না। এখানকার নেতাদের বিরুদ্ধেও মানুষের অভিযোগ রয়েছে। কিন্তু ডিম ছোড়ার মতো পরিস্থিতি এখানে নেই।” 

ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদিও বলছেন তাঁদের জনসংযোগ এমনই রয়েছে যাতে ডিম ছোড়ার মতো কোনও চরম পরিস্থিতি তৈরি হবেই না। তাঁর সাফ কথা, “আমি কোনওদিন ক্ষমতার অপব্যবহার করিনি। ক্ষমতায় সবাই সবসময় থাকে না। কিন্তু ভালোবাসা, সহানুভূতি সারাজীবন থাকে। আমি এটা মেনটেইন করি বলেই আজ এখানে চরম কিছু হচ্ছে না। আমি কোনওদিন প্রতিহিংসার রাজনীতিকে প্রশ্রয় দিইনি, নিজেও করিনি। যে কোনও দলের লোক এলে সবার কথা আমি শুনেছি।” 

জেলার বিজেপি নেতা বিশ্বজিৎ রায় যদিও বলছেন ভারতীয় জনতা পার্টি কোনওভাবেই ডিম ছোড়ায় বিশ্বাসী নয়। উল্টে তিনি তৃণমূল নেতাদের উপর ডিম ছোড়ার জন্য বিক্ষুব্ধ তৃণমূল শিবিরকেই কাঠগড়ায় তুলছেন। 

Follow Us