
হাওড়া : বেলুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাসের ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি । মৃতের নাম পরশুরাম যাদব (৫০) । প্রতিদিনের মতো সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন পরশুরামবাবু। সেইসময় জিটি রোডের ডন বস্কো এলাকায় এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, হাওড়া থেকে বালির দিকে যাচ্ছিল বাসটি। সেইসময় ওই রাস্তা দিয়েই কাজে যাচ্ছিলেন পরশুরামবাবু। স্থানীয়রা জানাচ্ছে, আচমকা দ্রুত গতিতে ছুটে আসা বাস ওই ব্যক্তিকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ছিটকে পড়েন রাস্তায়। ঘটনার ভয়াবহ সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পার করছেন ওই ব্যক্তি। এদিক-ওদিক ভাল করে লক্ষ্য করেই নিশ্চিন্ত হয়েই রাস্তা পার করছিলেন তিনি। কিন্তু, তাঁর পিছনেই যে রয়েছে মৃত্যদূত, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি।
ফুটেজে দেখা যায়, রাস্তা পার করার সময়ই পিছন দিক থেকে দ্রুত গতিতে ছুটে আসছে একটা বাস। চোখের পলক ফেলতে না ফেলতেই পিছন থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, বাসটি ওই ব্যক্তিকে চাপা দেওয়ার পরেও বেশ কিছুটা রাস্তা টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছয় বেলুড় থানার পুলিশ। বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাস চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে। এদিকে, দুর্ঘটনার ফলে জিটি রোডের ডন বস্কো এলাকায় বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।