CPIM: ডোমকলের বাম বিধায়কের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ, বড় পদক্ষেপ সিপিএমের

Domkal MLA Online Complaint Portal: মঙ্গলবার ডোমকলে এসে আমার ডোমকল পোর্টালের উদ্বোধন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মোবাইলে কিউআর কোর্ড স্ক্যান করলেই বিধায়কের সঙ্গে সংবাদ আদান-প্রদান, এলাকার দাবি-দাওয়া নিয়েও জানানো যাবে। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য আমার ডোমকল পোর্টালের সার্ভিস।

CPIM: ডোমকলের বাম বিধায়কের কাছে অভিযোগ জানাতে পারবেন যে কেউ, বড় পদক্ষেপ সিপিএমের
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (বাঁদিকে), ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান (ডানদিকে)Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 19, 2026 | 12:28 AM

ডোমকল: তাদের গত ৫ বছরের ‘অপবাদ’ ঘুচিয়েছে ডোমকল। মুর্শিদাবাদের এই বিধানসভা কেন্দ্রকে আঁকড়েই কি ঘুরে দাঁড়াতে চাইছে বঙ্গ সিপিএম? বামফ্রন্টের একমাত্র বিধায়কের বিধানসভা কেন্দ্রে এবার সিপিএম বড় উদ্যোগ নিল। বড় চমকও বলা যায়। শুধুমাত্র ডোমকল বিধানসভার জন্য চালু করা হল, অনলাইনে অভিযোগ করার প্ল্যাটফর্ম। যার নাম দেওয়া হয়েছে ‘আমার ডোমকল পোর্টাল’। এই পোর্টালের মাধ্যমেই বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার সঙ্গে সরাসরি যোগাযোগ অর্থাৎ এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন অভাব অভিযোগ জানানো যাবে।

মঙ্গলবার ডোমকলে এসে আমার ডোমকল পোর্টালের উদ্বোধন করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, মোবাইলে কিউআর কোর্ড স্ক্যান করলেই, বিধায়কের সঙ্গে সংবাদ আদান-প্রদান, এলাকার দাবি-দাওয়া নিয়েও জানানো যাবে। এখানে দলমত নির্বিশেষে সকলের জন্যই প্রযোজ্য আমার ডোমকল পোর্টালের সার্ভিস। বিধায়কের কাছে অভাব অভিযোগ দাবি-দাওয়া জানাতে, এই পোর্টাল চালু করার জন্য, বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানাকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক অনুগামীরা।

রাজ্যে ৩৪ বছর শাসন করা বামেরা ২০২১ সালে বিধানসভায় কোনও আসন জিততে পারেনি। ৫ বছর তাঁদের নানা টিপ্পনী কেটেছে বিরোধীরা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ডোমকলের হাত ধরেই শূন্যের ‘অপবাদ’ ঘুচিয়েছে সিপিএম। ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার গুরুত্ব বেড়েছে সিপিএমে। তেমনই ডোমকলের সাধারণ মানুষের জন্য বড় পদক্ষেপ করল সিপিএম।

এদিন আমার ডোমকল পোর্টালের সূচনা করে সেলিম বলেন, “রাজ্যে প্রথম কোনও বিধানসভায় এমন উদ্যোগ নেওয়া হল। ডোমকলের যে কোনও মানুষ, তিনি যে রাজনৈতিক দলের সমর্থক হোন না কেন, সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। বিধায়ক সেই মতো প্রশাসনকে জানাবে। কারও সমস্যার প্রেক্ষিতে বিধায়ক কী পদক্ষেপ করলেন, সেটাও এই পোর্টালে জানাবেন বিধায়ক। আমরা প্রত্যেক সপ্তাহে নজরদারি চালাব।”

রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা ‘জনতার দরবার’ শুরু করেছেন। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে অভাব, অভিযোগ শোনেন তাঁরা। সেই জায়গায় সিপিএম একেবারে পোর্টাল চালু করল। ডোমকলকে হাতিয়ার করে ঘুরে দাঁড়াতেই সিপিএমের এই পদক্ষেপ কি না, তা নিয়ে অঙ্ক কষা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Loading...
Unable to load recommendations.
Follow Us