
নদিয়া: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। আর সেই বিবাদকে কেন্দ্র করেই রবিবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার তেহট্টের হোগলবেড়িয়া থানার কালিয়াগাঙ্গি গ্রাম। জমিতে চাষাবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ। মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র নিয়ে হামলা এবং গুলি চালানোর অভিযোগও উঠেছে। ঘটনায় মহিলা ও পুরুষ মিলিয়ে দু’পক্ষের আটজনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে খবর, প্রায় ১২ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে। বর্তমানে জমিটি নিয়ে আইনি প্রক্রিয়াও চলছে বলে জানা গিয়েছে। সেই জমি পুনরুদ্ধার করে চাষাবাদ শুরু করাকে কেন্দ্র করেই নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।
অভিযোগ, রবিবার সকালে এক পক্ষের কয়েকজন ওই জমিতে চাষ করতে গেলে অপর পক্ষের লোকজন তাঁদের বাধা দেন। এরপরই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা হাতাহাতি থেকে ব্যাপক সংঘর্ষের রূপ নেয়। লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকী, গুলিও চালানো হয়েছে বলে দাবি আহতদের।
আহতদের দ্রুত উদ্ধার করে করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। জমিতে চাষ করতে যাওয়া পক্ষের দাবি, সংশ্লিষ্ট জমির বিষয়ে তাঁদের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র রয়েছে। তা সত্ত্বেও পরিকল্পিতভাবে তাঁদের উপর হামলা চালানো হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগাঙ্গি গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জমির দখল ও মালিকানা সংক্রান্ত বিরোধের জেরেই এই সংঘর্ষ কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা। তবে ঘটনার প্রকৃত কারণ এবং গুলি চালানোর অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।