
কৃষ্ণনগর: ‘ককরোচ’ জনতা পার্টির আন্দোলন নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে অস্তিত্ব টিকিয়ে রাখতেই বিরোধীরা একজোট হয়ে এই ধরনের আন্দোলনে নেমেছে বলে তিনি দাবি করেন। কৃষ্ণনগরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে লকেট বলেন, “যাদের পায়ের তলায় মাটি নেই, রাজনৈতিকভাবে যারা দিশেহারা, তারাই এখন ‘ককরোচ’-এর সঙ্গে হাত মিলিয়ে চলার চেষ্টা করছে।” বিরোধীদের এই একজোট হওয়াকে স্রেফ নিজেদের অবস্থান ধরে রাখার তাগিদ বলেই বর্ণনা করেন তিনি।
একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন বিজেপি নেত্রী। তাঁর মতে, দেশের সুরক্ষার স্বার্থে এবং সামগ্রিকভাবে বাংলার স্বার্থেই নিরপেক্ষভাবে কাজ করে চলেছেন জ্ঞানেশ কুমার। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে লকেট বলেন, “যারা এ দেশের বৈধ নাগরিক নন, অথচ ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তাঁদের বাদ দিয়ে নির্বাচন কমিশন একদম সঠিক পদক্ষেপ করেছে।” যোগ্য ও প্রকৃত নাগরিকদের ভোটাধিকার সুনিশ্চিত করতেই এই প্রক্রিয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারকে কেন্দ্র করে বিরোধী দলগুলির বিক্ষোভ এবং ‘ককরোচ’ আন্দোলনকে ঘিরে রাজ্য রাজনীতিতে চাপানউতোর চরমে পৌঁছেছে। সেই আবহেই কৃষ্ণনগর থেকে বিরোধীদের কড়া বার্তা দিলেন বিজেপি নেত্রী।