
নদিয়া: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ নদিয়ার শান্তিপুরের হরিপুর মুসলিম পাড়ার বাসিন্দা ইব্রাহিম শেখ। পুজোর পর থেকেই তাঁর সঙ্গে পরিবারের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী, দুই সন্তান ও পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ইব্রাহিম গত চার-পাঁচ বছর ধরে ভিনরাজ্যে কাজ করছেন। সম্প্রতি তিনি কাজে গিয়েছিলেন। গত রবিবার তিনি আচমকাই স্ত্রীকে ফোন করে অত্যন্ত আতঙ্কিত অবস্থায় জানান যে তিনি বিপদে পড়েছেন এবং তাঁর ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক বা নিয়ন্ত্রণ করছে। এই ফোনকলের পরই তাঁর মোবাইল বন্ধ হয়ে যায়। এরপর এক প্রতিবেশী যুবকের মাধ্যমে পরিবার জানতে পারে ইব্রাহিম নিখোঁজ।
ইব্রাহিমের স্ত্রী ও প্রতিবেশীদের আশঙ্কা, তাঁর সঙ্গে বড় কোনও অঘটন ঘটে থাকতে পারে। ঘটনার পর দিশেহারা পরিবার শান্তিপুর থানার দ্বারস্থ হয়েছে এবং লিখিত অভিযোগ জানিয়ে নিখোঁজ যুবককে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।