
নদিয়া: নিষিদ্ধ মাদক হেরোইন ও বিপুল পরিমাণে নগদ টাকা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। ধৃতকে আজ নবদ্বীপ আদালতে হাজির করা হয়। ধৃত ব্যক্তির নাম নন্দন রায় ওরফ মনোতোষ। বাড়ি নবদ্বীপ পৌরসভার বিবেকানন্দ কলোনী এলাকায়।।
বুধবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বরুণ গায়েনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নবদ্বীপ শহরের দক্ষিণাঞ্চলের বিবেকানন্দ কলোনী এলাকায় তল্লাশি চালাতে শুরু করে। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করেন তাঁরা। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয় ২৯ গ্রাম নিষিদ্ধ হেরোইন।
পাশাপাশি পুলিশ তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করে। সেখান থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের ব্যবসায় লেনদেন হওয়া ২ লক্ষ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার কৃষ্ণনগরে বিশেষ আদালতে পেশ করার পর তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ধৃত ব্যক্তি কোথা থেকে হেরোইন সংগ্রহ করেছিল, বা এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ।
শুধু নদিয়া নয়, ওড়িশা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নদিয়ার করিমপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাজ্য সিআইডি (CID) গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চন্দননগরের দিল্লি রোডে ট্রাকটিকে ধাওয়া করে আটক করে। ট্রাক থেকে ১৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং দু’জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।