
শান্তিপুর: মাঠে ঘাস কাটতে গিয়ে বিপত্তি। এক বৃদ্ধার নাক মুখ কামড়ে খেয়ে নিল শিয়াল। রীতিমতো শিয়ালের তাণ্ডবে আতঙ্কিত গোটা এলাকা। মাঠে যেতেই ভয় পাচ্ছে সকলে। ঘটনাটি নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত বাগদিয়া মহিষ্য পাড়া এলাকার।
জানা গিয়েছে, এলাকার বাসিন্দা অশোকা মজুমদার। তাঁর বয়স ৬৭। প্রতিদিনের মতো শনিবার বিকেলেও তিনি ঘাস কাটতে গিয়েছিলেন। তবে, একটু আলো কমতেই হঠাৎ শিয়াল এসে আক্রমণ করে। ওই বৃদ্ধার মুখ এবং নাকের মাংস কামড়ে তুলে নেয়। বিষয়টি নজরে আসতেই মাঠে থাকা প্রতিবেশীরা ছুটে আসে। এরপর ওই শিয়াল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে তড়িঘড়ি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকরা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ওই বৃদ্ধা। শিয়ালের এইরকম আক্রমণে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। আক্রান্ত মহিলার বৌমা শিপ্রা মজুমদার বলেন, “উনি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। সেই সময় শিয়াল আক্রমণ করে। একজনকে লাঠি নিয়ে তাড়াতে গেলে আর একটা শিয়াল এসে কামড়ে দিচ্ছে।”