
উত্তর ২৪ পরগনা: দীর্ঘ দেড় দশকের প্রতীক্ষার অবসান। ২০১১ সালে নেওয়া এক কঠিন রাজনৈতিক প্রতিজ্ঞা অবশেষে পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা আশুতোষ পাল (তুলসি)। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর আনুষ্ঠানিকভাবে চুল-দাড়ি কেটে ন্যাড়া হলেন এই সক্রিয় বাম সমর্থক।
বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর উদয় গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের বাসিন্দা আশুতোষ পাল এলাকায় একজন একনিষ্ঠ সিপিআইএম কর্মী হিসেবে পরিচিত। তাঁর অভিযোগ ছিল, ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূল জমানায় এলাকায় ব্যাপক সন্ত্রাস ও অত্যাচার শুরু হয়েছিল। তারই প্রতিবাদে তিনি শপথ নিয়েছিলেন, যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন ঘটছে, ততদিন তিনি চুল বা দাড়ি কাটবেন না।
পেশায় চা বিক্রেতা আশুতোষ বিগত ১৫ বছর ধরে জটাধারী বেশেই কাটিয়েছেন। সম্প্রতি রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর তিনি তাঁর সেই বহু প্রতীক্ষিত প্রতিজ্ঞা পূরণ করলেন। আশুতোষের মতে, বর্তমানে বিজেপি ক্ষমতায় আসায় এলাকায় সন্ত্রাস নেই বললেই চলে। ছোটখাটো অশান্তি হলেও বিজেপি নেতারা রাজপথে নেমে তা রুখে দিচ্ছেন, যা তাঁকে আশ্বস্ত করেছে।
১৯৭৮ সাল থেকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত এই প্রবীণ কর্মীর জেদ দেখে অবাক স্থানীয় বাসিন্দারাও। আজ ঘটা করে চুল-দাড়ি বিসর্জন দিয়ে তিনি বলেন, “যে দলই ক্ষমতায় আসুক না কেন, আমার জেদ ছিল এই সরকারের পতন দেখা। আজ সেই কথা রাখলাম।” তাঁর এই ‘অরাজনৈতিক’ লড়াই ও দীর্ঘ সংকল্প বর্তমানে জেলা রাজনীতির অন্দরে মুখরোচক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।