
কলকাতা: মহিলাদের ফ্রি বাস টিকিটের অনলাইন বুকিং নিয়ে বড়সড় পদক্ষেপ করল পরিবহন দফতর। এবার থেকে অনলাইনে মাত্র ৩০ শতাংশ আসন বুক করা যাবে এবং বাকি আসনের টিকিট বাসে উঠে কাটতে হবে। পাশাপাশি, পরপর একই আধার কার্ড ব্যবহার করে তিনবারের বেশি বুকিং করা হলে সেই আধার কার্ডটি টানা ছ’মাসের জন্য লক করে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। অন্যদিকে, বেসরকারি বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাস ভাড়া বৃদ্ধির পক্ষেও সায় দিয়েছেন তিনি।
পরিবহন মন্ত্রীর অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে অনলাইনে মহিলা যাত্রীদের ১০০ শতাংশ টিকিট বুক করে রাখছিল। এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সাধারণ যাত্রীরাও পরিষেবা থেকে বঞ্চিত হয়ে হেনস্থার শিকার হচ্ছিলেন। অর্জুন সিংয়ের দাবি, গত ছ’মাসে এই কারসাজির জেরে দফতরের বড় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কড়া পদক্ষেপ নেওয়ার পর পরিবহন দফতর ১৮ শতাংশ লাভের মুখ দেখেছে। সেই কারণেই এই নতুন নিয়ম চালু করা হয়েছে, যাতে নির্দিষ্ট আধার কার্ড দিয়ে বারবার টিকিট বুক করা না যায়। তিনি বলেন, “সেকু-মাকু রা মহিলাদের ১০০% টিকিট অনলাইনে বুক করে রাখছে! তাই জন্য সরকারের টাকা যেমন ক্ষতি হচ্ছে,তেমনই যাত্রীরা ও হেনস্থা হচ্ছে।”
এদিন বাস ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়েও মুখ খোলেন পরিবহন মন্ত্রী। বেসরকারি বাস মালিকদের সংগঠনের তরফে ভাড়া বৃদ্ধির আবেদন জানানো হয়েছে। জ্বালানি তেল, রক্ষণাবেক্ষণ এবং চালক ও কর্মীদের বেতন-ভাতা বৃদ্ধির প্রসঙ্গ টেনে অর্জুন সিং বলেন, বর্তমান পরিস্থিতিতে সঠিক পরিষেবা বজায় রাখতে গেলে ভাড়া বাড়ানো যুক্তিযুক্ত।
যদিও বাসে উঠলেই ন্যূনতম ১৮ টাকা ভাড়ার যে প্রস্তাব বেসরকারি বাস মালিকরা দিয়েছেন, তা এখনই চূড়ান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানান মন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা সেরে খুব শীঘ্রই একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ভাড়ার হার নির্ধারণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।