Bongaon Attack on ED: আবার টার্গেট ইডি! বনগাঁ থেকে শঙ্করকে গ্রেফতার করতেই গাড়িতে ইট বর্ষণ

Shankar Adhya Arrested: বনগাঁ থেকে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে আসার সময় আবারও হামলা ইডির গাড়ির উপর। ভাঙল গাড়ির কাঁচ। হামলায় ইডির একটি গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।

Bongaon Attack on ED: আবার টার্গেট ইডি! বনগাঁ থেকে শঙ্করকে গ্রেফতার করতেই গাড়িতে ইট বর্ষণ
বনগাঁয় ইডির গাড়িতে হামলাImage Credit source: TV9 Bangla

| Edited By: Soumya Saha

Jan 06, 2024 | 1:33 AM

বনগাঁ: সকালে একপ্রস্থ হামলা হয়েছে ইডির উপর। বসিরহাটের সন্দেশখালিতে। ইডির তিন জন অফিসার ভর্তি হাসপাতালে। তা নিয়ে চার দিকে ছিঃ ছিঃ পড়ে গিয়েছে। নক্ক্যারজনক এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল বোস। তৃণমূলও বলেছে, হামলা কাঙ্খিত নয়। এসবের পরও রাতে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বনগাঁ থেকে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে আসার সময় আবারও হামলা ইডির গাড়ির উপর। ভাঙল গাড়ির কাঁচ। হামলায় ইডির একটি গাড়ির পিছনের দিকের কাঁচ ভেঙে গিয়েছে বলে জানা যাচ্ছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শুক্রবার গভীর রাত সাড়ে ১২ টা নাগাদ শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য যখন ইডির অফিসাররা বাড়ি থেকে বেরোন, সেই সময় ইডির গাড়ির সামনে একদল মহিলা বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন। সেই সঙ্গে চলছিল ইডির অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উদ্দেশে কুকথার ছড়াছড়ি। একটি গাড়িকে লক্ষ্য কের থান ইটও ছুঁড়ে মারা হয় বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, বার বার গাড়ি আটকানোর চেষ্টা করেন শঙ্কর আঢ্যর অনুগামীরা।

উল্লেখ্য, এদিন সকালেই সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলার তদন্তে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডির তদন্তকারী অফিসাররা। সঙ্গে ছিলেন সিআরপিএফ জওয়ানরাও। সে সবের মধ্যেই প্রায় ৮০০-১০০০ জনের উত্তেজিত জনতা ঘিরে ফেলেছিল ইডির অফিসার ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তীব্র রোষানলের মধ্যে পড়তে হয়েছিল ইডিকে। ভাঙচুর হয়েছিল গাড়ি। আক্রান্ত হয়েছেন ইডির তিন অফিসার। তাঁরা এখন হাসপাতালে ভর্তি। এসবের মধ্যেই মধ্যরাতে ফের ইডির গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগ।

Follow Us