
উত্তর ২৪ পরগনা: সরকারি বাস পরিষেবা। মহিলাদের জন্য বিনামূল্যে টিকিট। আর তাতে বুকিংয়ের ক্ষেত্রে একাধিক সমস্যা। এবার সেক্ষেত্রে অন্তর্ঘাতের অভিযোগ তুললেন খোদ পরিবহন মন্ত্রী অর্জুন সিং। নাম না করে তিনি নিশানা করলেন বামেদের। তাঁর অভিযোগ, মহিলাদের আধার কার্ড দিয়ে গোটা বাস বুক করা হচ্ছে, কিন্তু আসছেন না যাত্রীরা। তাতে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবহন দফতরের। চক্রান্ত করে পরিবহন দফতরের ক্ষতি করছেন ‘সেকু-মাকুরা’, তেমনই অভিযোগ করছেন পরিবহন মন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ করছে প্রশাসন। এবার থেকে ৩০ শতাংশের বেশি সরকারি বাসে অনলাইনে বুকিং নয়। নির্দেশিকা জারি করছে প্রশাসন। ৩ বার ভুয়ো বুকিং করলে, ৬ মাসের জন্য সংশ্লিষ্ট আধার কার্ড লক করে দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
কী বলছেন পরিবহন মন্ত্রী?
অর্জুন সিংয়ের কথায়, “ঢালাও বুকিং হচ্ছে। এটা সেকু মাকুদের কাজ। অর্গানাইজড ওয়েতে তারা করছে। ফুল বাস বুকিং আছে, প্যাসেঞ্জার নেই।”
কীভাবে চলছে দুর্নীতির প্রসেস?
ঠিক কীভাবে চলছে বিষয়টা? সেটা দেখতে TV9 বাংলা সরাসরি পৌঁছে যায় ধর্মতলা বাসস্ট্যান্ডে। ডিপোতে থাকা কর্মী একেবারে কম্পিউটারে বুকিংয়ের চার্ট খুলে দেখান। দেখা যায় রাত ৮টার NBSTC-র কলকাতা থেকে শিলিগুড়ি রুটের বাস আজকের দিনে সিট ফাঁকা রয়েছে কেবল দুটো। বাকি সব ফুল। একটা টিকিটের নম্বর খুললে দেখা যাচ্ছে, পাঁচ জন একসঙ্গে টিকিট কেটেছে। টিকিটের দাম ১২৪৫ টাকা। আরেক ক্ষেত্রে ১০ জন টিকিট কেটেছে। কিন্তু ব্যালেন্স ‘০’। আরেক ক্ষেত্রে ৭টা টিকিট কাটা হয়েছে। সরকারের খাতায় গিয়েছে, কেবল ৩৪৩৫ টাকা।
‘সেকু-মাকুর’ পাল্টা তত্ত্ব
এই ব্যাপক দুর্নীতির ক্ষেত্রে অন্তর্ঘাতেরই অভিযোগ তুলেছেন অর্জুন সিং। তিমি ‘সেকু-মাকু’দের কথা উল্লেখ করেছেন। সে প্রসঙ্গে প্রশ্ন করা হয় সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, “তিনি অন্তর্ঘাতের কথা বলছে, সেকু-মাকু-সিপিএম-দের কথা বলছেন। কিন্তু এই মুহূর্তে তো অর্জুন সিংয়ের সঙ্গে সবথেকে বেশি অন্তর্ঘাত কৌস্তভ বাগচীর। তিনি বারাকপুরে বসে এসব করছেন কিনা, সেটা অর্জুন সিং খতিয়ে দেখুন। কথার তো একটা সারবত্তা থাকবে। সরকার ভর্তুকি দিয়েছে, সেই বাসে যাত্রী আসতে পারছেন না, টিকিট কেটে ওঠেননি, এর মধ্যে সিপিএম-সেকু-মাকুরা আসল কোথা থেকে?”
মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, “ব্যর্থতাকে ঢাকতে গিয়ে এসব কথা বলছে আরকী! ৬ মাস একটা সরকারে এসছে, কাজ করতে পারছে না বলে মানুষে বলছে। আর এখন রেভিনিউ তুলতে পারছে না বলে সেকু-মাকুরা করছে বলছেন!।”