
নৈহাটি: সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে ‘দেশবিরোধী’ বলে আক্রমণ অর্জুন সিংয়ের (Arjun Singh)। বাম নেতাকে দেশ থেকে তাড়ানো উচিত বলে মন্তব্য় পরিবহন মন্ত্রীর। পাশাপাশি অতি বাম, দিমাগি নকশাল বলে সেলিমকে (Md Salim) তীব্র আক্রমণ করেছেন তিনি। সিপিএমকেও তোপ দেগে বিস্ফোরক মন্তব্য করেছেন অর্জুন।
সেলিমকে দেশবিরোধী আক্রমণ করে অর্জুন বলেন, “আমরা সবাই বলব সেলিম থেকে সাবধান। ভারতবর্ষের লোকই না। ওঁ দেশবিরোধী লোক। ওঁকে বাংলা না, দেশ থেকে তাড়ানো দরকার।” কেন দেশবিরোধী বললেন, সেই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “একটা লোক দেশের জন্য ভাল ভাববেই না। এরা তো এখানের খাবে, আর পাকিস্তানের গল্প করবে। ওঁর নিজের দলটা অস্তিত্বহীন হয়ে পড়ছে। পায়ের তলায় মাটি নেই। মাথায় ছাদ নেই। এবং হাওয়ায় ভাসছে। ওঁরা কি বিজেপি নিয়ে আলোচনা করবে? অতি বামপন্থীর কথা বলছে, দিমাগি নকশালের কথা বলছে। যাঁরা দেশবিরোধী লোক, তাঁদের নিয়ে আলোচনা করাটাও ভুল হবে।”
অর্জুনের মন্তব্য প্রসঙ্গে পাল্টা মন্ত্রীকে আক্রমণ করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ। বলেন, “অর্জুন সিংয়ের ক্ষমতা থাকতে তাড়িয়ে দেখাক। অর্জুন সিংকে একবার বিজেপি তাড়িয়ে দেয়, একবার তৃণমূল তাড়িয়ে দেয়।…মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রীর চেয়ারের মর্যাদা রেখে বিরোধীদের সম্মান দিয়ে কথা বলুন। পাল্টা সম্মান পাবেন। অসম্মান করলে, পাল্টা অসম্মান অপেক্ষা করে আছে।”
মমতা তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, “অন্যের পার্টির কথা আর কী বলব। এইটা বলতে চাই যে বিজেপি বিরোধিতা করলেই এরকম কাউকে দুমদাম দেশবিরোধী বলে দেওয়া, এটা ওঁরা নিজেদের মতো করে বলে। বাকিটা সিপিএম বলবে।”