
উত্তর ২৪ পরগনা: টাকা ঢোকেনি। বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন উপভোক্তা। তার মধ্যেই ডেটা এন্ট্রি অপারেটরের ওপরে হম্বিতম্বি করা, তাঁকে হেনস্থা করার অভিযোগ উঠল। অভিযোগ, ডেটা এন্ট্রি অপারেটরের মোবাইলে ফেলে দেওয়া হয়েছে। তাতে মোবাইলের স্ক্রিনও ফেটে যায়। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডাটা এন্ট্রি অপারেটর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লক অফিসে।
ডাটা এন্ট্রি অপারেটর রাজেশ ঘোষ সোমবার সকাল থেকে অফিসে কাজ করছিলেন । তাঁর দাবি, দুপুরের পরে এক মহিলা গিয়ে তাঁর অন্নপূর্ণা যোজনার ফর্ম সম্পর্কে জানতে চান । সরকারি আধিকারিক অন্য কাজে ব্যস্ত থাকায় তাঁকে অপেক্ষা করতে বলেছিলেন। কিন্তু মহিলা সরকারি আধিকারিককে গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ।
এমনকি, ডাটা এন্ট্রি অপারেটর প্রতিবাদ করতেই তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগ, মোবাইল বের করতেই মোবাইলে চড় মারেন ওই মহিলা । মোবাইল হাত থেকে পড়ে যায়। তপন চন্দ্র বিশ্বাস নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, “সরকারি আধিকারিকের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছেন ওই মহিলা।” এই বিষয়ে বাগদার বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এই বিষয়ে খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে ।