
কলকাতা: মঙ্গলবার মেয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে তাঁরই দিদির ফাঁকা ফ্ল্যাট থেকে। কিন্তু অদ্ভুত বিষয়, সেই মেয়ের মোবাইল থেকে ক্রমাগত মেসেজ আসছে। বরানগরের তরুণীর মৃত্যু নিয়ে ক্রমেই রহস্য দানা বাঁধছে। এবার বিস্ফোরক তাঁর বাবা। তিনি বললেন, মেয়ের মোবাইল থেকে মেসেজ এসেছে, ‘বাবা বৃষ্টিতে আটকে গিয়েছি, আমাকে নিয়ে যাও।’
TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিহত তরুণী অঞ্জলি সাউয়ের বাবা বললেন, ”
বুধবার দুপুর ২.৩৮ এ শেষ মেসেজ এসেছে। ‘হাই’ লিখেছে। মঙ্গলবার ৩.৪৫ মিনিটে লিখেছিল, ‘পাপা হামকো লে যাও, হাম ফাঁস গয়া বারিশ মে’! বুঝতে পারছি না কে মেসেজ করেছে? অন্য লোক, ভিক্টিম মেসেজ করেছে নাকি!”
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পরিচিত কারোর যুক্ত থাকার সম্ভাবনাই বেশি। যুবতীর শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। গলায় দাগ, মাথার পিছনে ভারী বস্তুর দাগ রয়েছে। পুলিশের অনুমান, খুনের আগে যুবতীকে বেধড়ক মারধর করা হয়েছে। মঙ্গলবার রাতে বরানগরে ফ্ল্যাটের দরজা ভেঙে যুবতীর দেহ উদ্ধার হয়। বুধবার সকাল ১০.৫৩ থেকে ১১টার মধ্যে যুবতীর খোয়া যাওয়া মোবাইল থেকে পরিবারের একাধিক সদস্যের কাছে মেসেজ গিয়েছে। আর টাওয়াল লোকেশন দেখাচ্ছে ভিন রাজ্যে। সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের।
বরানগর ১৭ নং ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় অঞ্জলি নামে ওই যুবতীর জামাইবাবুর ফ্ল্যাট। স্ত্রীকে নিয়ে প্রায় চার বছর থাকতেন অঞ্জলির জামাইবাবু। তবে ব্যবসার সূত্রে স্ত্রীকে নিয়ে বর্তমানে থাকেন হুগলির শ্রীরামপুর এলাকায়। সোমবার রাতে প্রতিবেশী লতিকা মান্নার কাছে ফ্ল্যাটের চাবি রেখে যান বাড়ির মালিক অর্থাৎ মৃত তরুণীর জামাইবাবু। লতিকা মান্না বলেন, মঙ্গলবার দুপুরে চাবি নিয়ে পাঁচ তলার ফ্ল্যাটে ওঠেন অঞ্জলি। বিকালে দিদি ফোন করার উত্তর না মিললে প্রতিবেশীদের কাছে ফোন করেন দিদি। অবশেষে দরজা ধাক্কা দেওয়াতে সাড়া না মেলায় খবর যায় বরানগর থানায় । পুলিশ গিয়ে তরুণীর ক্ষতবিক্ষত, রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
মেয়ে পাবজি খেলত, সেকথাও জানালেন অঞ্জলির বাবা। তিনি বলেন, “পাবজি খেলত। বারণ করতাম। কিন্তু বলত, শরীর খারাপ বাবা, কোথাও যেতে পারছি না, তাই খেলছি। বারণ শুনত না।” তাহলে কি সেখান থেকেই কোনও কিছুর সূত্রপাত। অঞ্জলির আংটি, হার, মোবাইল খোয়া গিয়েছে। আততায়ী এখনও পরিবারের সদস্যদের মেসেজ করছে। ক্রমেই দানা বাঁধছে রহস্য। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গিয়েছে, রাজ্যের বাইরে থেকে সে মেসেজ পাঠানো হয়েছে। টাওয়ার লোকেশন দেখেই অভিযুক্তকে খোঁজার চেষ্টা চলছে। সিসিটিভি-তে এক যুবককে শনাক্ত করেছে পুলিশ।