
উত্তর ২৪ পরগনা: যখন ছক কষা হচ্ছিল, সে খবরই কারোর কানে পৌঁছে গিয়েছিল। আর সেই কোনওভাবে পুলিশের কানে তুলে দেয় সেই কথা। বসিরহাটে পুলিশের তৎপরতায় একটি বড়সড় শিশু অপহরণের পরিকল্পনা ভেস্তে গেল। গোপন সূত্রে খবর পেয়ে বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং বসিরহাট, বাদুড়িয়া ও মাটিয়া থানার যৌথ অভিযানে ৫ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সৎ বাবা-সহ মোট দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে শিশুটি সম্পূর্ণ নিরাপদে তার মায়ের কাছেই রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৩০ অক্টোবর গভীর রাতে বসিরহাটের শিবহাটি এলাকায় একটি শিশুকে অপহরণের ষড়যন্ত্র চলছে বলে খবর পায় পুলিশ। এরপরই তৎপরতার সঙ্গে অভিযানে নামে SOG ও স্থানীয় থানাগুলির যৌথ দল। অভিযানে শুভঙ্কর মণ্ডল ওরফে তারক এবং রাকেশ মণ্ডল নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত শুভঙ্কর মণ্ডল ওই শিশুটির নিজের সৎ বাবা। পারিবারিক বিবাদ এবং টাকা আদায়ের উদ্দেশ্যেই সে তার বন্ধু রাকেশকে সঙ্গে নিয়ে এই অপহরণের ছক কষেছিল। তবে পুলিশের কড়া পদক্ষেপের কারণে অপরাধটি সংঘটিত হওয়ার আগেই তা পুরোপুরি প্রতিহত করা সম্ভব হয়। এই ঘটনার মূল চক্রের সন্ধানে বর্তমানে জোরদার তল্লাশি চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ।