
বসিরহাট: গুরুতর অসুস্থ বিধায়ক রেখা পাত্র। হাসপাতালে ভর্তি রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক (Rekha Patra)। জানা গিয়েছে, শনিবার অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর অবস্থার আরও অবনতি হলে কলকাতায় স্থানান্তর করা হয়েছে তাঁকে। বর্তমানে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র (MLA Rekha Patra Hospitalised)। পরিবার ও বিজেপি কর্মীদের তৎপরতায় তাঁকে হিঙ্গলগঞ্জের একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সবরকম প্রাথমিক চিকিৎসা করার পরও অবস্থার অবনতি হলে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বর্তমানে আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, কোনও জ্ঞান নেই বিধায়কের। সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্ট রয়েছেন তিনি। বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। মস্তিষ্কেও প্রভাব পড়েছে। এমনটাই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে খবর, বিধায়কের শরীরে বিষক্রিয়া রয়েছে। দ্রুত শরীরে অক্সিজেনের মাত্রা কমছে। হাসপাতালের মেডিক্যাল সার্টিফিকেট অনুযায়ী, রেখা পাত্রের শরীরে ফসলের কীটনাশক পাওয়া গিয়েছে। বিজেপির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিবারও এখনও সেভাবে মুখ খোলনি। তবে, কীভাবে বিষক্রিয়া হয়েছে, তা জানা যায়নি। এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কি না তাও প্রশ্ন উঠছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধায়কের অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।