
হাড়োয়া: রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। এমনকি ইটের আঘাতে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের মহিষ্টিকারী এলাকার এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আক্রান্ত ব্যক্তির নাম জিয়ারুল মোল্লা। তাঁর স্পষ্ট অভিযোগ, তিনি বিজেপি করার কারণেই স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মী পরিকল্পিতভাবে তাঁর উপর চড়াও হয়। তাঁকে কিল-চড়-ঘুষি মারার পাশাপাশি মাথা ও পায়ে ইট দিয়ে বেধড়ক আঘাত করা হয়। হামলায় গুরুতর জখম হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।
খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করেন এবং রক্তাক্ত অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা হয়। এই ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়ে হাড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত জিয়ারুল মোল্লা। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। তবে এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।