Fake notes seized: কোটি কোটি ‘টাকা’ দেখিয়ে চলত ব্যবসা, নেপাল পুলিশ বাংলার দম্পতিকে ধরতেই সামনে এল সবটা

Couple arrested in Nepal: গোয়েন্দা আধিকারিকদের সূত্র জানা গিয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিয়ো কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখাতেন ওই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দেখাতেন। ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা-সহ ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকেরা।

Fake notes seized: কোটি কোটি টাকা দেখিয়ে চলত ব্যবসা, নেপাল পুলিশ বাংলার দম্পতিকে ধরতেই সামনে এল সবটা
নেপালে ধৃত বাংলার দম্পতিImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 09, 2026 | 4:00 PM

কামারহাটি: পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অনেক সময়ই জাল নোট উদ্ধারের ঘটনা সামনে এসেছে। বাজারে সেইসব জাল নোট ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য থাকে অসাধু চক্রের। কিন্তু, জাল নোট দেখিয়ে ব্যবসায় বিনিয়োগের টোপ? বাস্তবে এটাই হয়েছে। তাও নেপালে বসে। কোটি কোটি টাকার জাল নোট দেখিয়ে ব্যবসায়ীদের বিনিয়োগের টোপ দেওয়া হত। উত্তর ২৪ পরগনার কামারহাটির এক দম্পতিকে গ্রেফতার করেছেন নেপালের গোয়েন্দা দফতরের আধিকারিকরা। নেপালি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে।

ধৃত দম্পতির নাম অরিন্দম ধর ও দীপা ধর। কামারহাটি পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া শরৎপল্লি এলাকায় একটি আবাসনে থাকতেন দীপা। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের হরিনাভি এলাকার অরিন্দম ধরের সঙ্গে বিয়ে হয় তাঁর। স্বামী-স্ত্রী ২০২৪ সালে নেপালে যান। তবে প্রায়ই কামারহাটিতে নিজেদের ফ্ল্যাটে আসতেন। এলাকার প্রভাবশালীদের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল বলে অভিযোগ। প্রায়ই তাঁদের আবাসনে পার্টি হত। বড় বড় ব্যবসায়ী এবং স্থানীয় নেতাদের দেখা যেত বলে অভিযোগ। 

দীপা ও অরিন্দমকে নেপালে ৭০ কোটি টাকার জাল নোট-সহ গ্রেফতার করেছে নেপাল পুলিশের গোয়েন্দা দফতর। কিন্তু, ওই জাল নোট নিয়ে কী করতেন ওই দম্পতি? গোয়েন্দা আধিকারিকদের সূত্র জানা গিয়েছে, বিভিন্ন ব্যবসায়ীদের ভিডিয়ো কল করে জাল নোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করার প্রলোভন দেখাতেন ওই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দেখাতেন। ধৃতদের কাছ থেকে লোহার ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা-সহ ১২টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকেরা। অরিন্দম ধর ও দীপা ধর-সহ মোট সাতজনকে গ্রেফতার করেছেন নেপালের গোয়েন্দারা। এই সাতজনের মধ্যে একজন নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। কোথা থেকে এত পরিমাণ জাল নোট তাঁরা পেলেন, জেরা করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।

কামারহাটির দম্পতির কাছ থেকে ৭০ কোটি টাকার জাল নোট উদ্ধার নিয়ে শাসকদল তৃণমূলকে খোঁচা দিল সিপিএম। বাম নেতা সায়নদীপ মিত্র বলেন, “কামারহাটি পৌর এলাকার মানুষের দুর্ভাগ্য হয়ে উঠছে যে কারও খাটের তলা থেকে ভারতীয় টাকা উদ্ধার হচ্ছে। আবার কখনও নেপালের টাকা উদ্ধার হচ্ছে। এখন পুলিশ খুঁজে বের করুক, নেপালের জাল টাকার সূত্র কী।” স্থানীয় প্রভাবশালী নেতাদের সঙ্গে ওই দম্পতির যোগাযোগ নিয়ে তিনি বলেন, “ওরা আন্তর্জাতিকতাবাদে বিশ্বাস করে। সেজন্যই দুবাই, নেপালে টাকা পাচার হয়।”