
উত্তর ২৪ পরগনা: সোমবার বলেছিলেন, ‘খানিকক্ষণ ব্ল্যাক আউট করে দিক, তারপর দেখে নেব..’ আর মঙ্গলবার বললেন, অতি বামপন্থী এবং দেশদ্রোহীদের তাড়াতে দিতে হবে কার্বলিক। দু’দিন ধরে পরপর বিস্ফোরক মন্তব্য রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের। বললেন, “মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ। তাই আইনের পথেই সমাধান চাইছেন। ওঁকে অনুরোধ করব, কার্বলিক অ্যাসিড আর ব্ল্যাকআউট ছাড়া দেশদ্রোহীদের জব্দ করার আর কোনও পথ নেই।”
কাঁকিনাড়ার পাণপুর মোড়ে দলীয় কর্মীসভায় এসেছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। সেই সময়ই এই ধরনের মন্তব্য করতে শোনা যায় তাঁকে। প্রথমে তিনি দাবি করেন বামপন্থীরা দেশের ভালো চায়নি কোনওদিন। তাঁর বক্তব্য, এরা বাবা-মায়ের শ্রাদ্ধ করে না, শুধু কার্ল-মার্কস জিন্দাবাদ বলেন। পরিবহন মন্ত্রী বলেন, “এরা বাবা-মাকে নমস্কার করে না। লেনিনকে নমস্কার করেন এদের কথার কী বলব।”
এরপরই অর্জুনের সংযোজন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভদ্রলোক বলেই আইনের পথে সবটা সমাধান করতে চান। বলেন, “আমি সিএম সাহেবকে বলবে যাঁরা পাকিস্তানের স্লোগান দেয়, তাঁরা এমনি শুনবে না। কার্বলিক অ্যাসিড লাগবে। এই অ্যাসিডে যেমন সাপ পালায় তেমন অতিবামপন্থীরাও পালাবে।”
এরপর তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে ডিম ছোড়া নিয়ে তিনি বলেন, “এমন কোনও ডিম আছে কি না আমার জানা নেই। যে ডিম ছুড়লে গাড়ির কাচ ভেঙে যায়, কেউকে খুন করা যায়। এটা শুনে তাজ্জব লাগছে।”