
বাগদা: সাংসদ মমতাবালা ঠাকুর আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন চূড়ান্ত ভোটার তালিকায় যেভাবে মতুয়াদের অধিকাংশের নাম বাদ দেওয়া হয়েছে তাতে তিনি আন্দোলনে নামবেন। এবার চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল বিজেপির মতুয়া পঞ্চায়েত সদস্য কবিতা বাইনের নাম। পাশে থাকার বার্তা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান সঞ্জীত সর্দারের।
উত্তর ২৪ পরগনার বাগদা গ্রাম পঞ্চায়েতের দিয়ালদহ গ্রামের পঞ্চায়েত সদস্যা কবিতা বাইন। মতুয়া সম্প্রদায়ভুক্ত কবিতা বাইন বিজেপির পঞ্চায়েত সদস্যা। ২৮ শে ফেব্রুয়ারি প্রকাশিত এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেল সেই কবিতা বাইনের। বাগদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান কবিতা বাইনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার নামে বিজেপির এসআইআর নামক মারণ ফাঁদ বুমেরাং হয়ে গিয়ে নাম বাদ পড়েছে তাঁদেরই মতুয়া পঞ্চায়েত সদস্যার। দাবি করেছেন বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সরদার। সঞ্জিত বলেন, “আমরা দল না দেখেই কবিতার পাশে থাকব।” বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেকের ভোট কাটা গিয়েছে বলে দাবি করেন সঞ্জিত। পঞ্চায়েত সদস্য সহ সকলের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
কবিতার দাবি, তিনি সমস্ত বৈধক কাগজপত্র দেখিয়েছেন, তাঁর মা বাবার বৈধ কাগজপত্র দেখানো সত্বেও তার ভোট কাটা গিয়েছে। এই ভোট কাটা যাওয়া নিয়ে তিনি তৃণমূল এবং সিপিএমকে দায়ী করেছেন। কবিতা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। মতুয়া নেত্রী বলেন, “আমার বাদ দিয়ে বাকি সকলের নাম আছে। বিডিও বলেছিলেন হয়েও যাবে। এখন কেন কাটা গেল বুঝতে পারছি না।”