
পানিহাটি: বিজেপিতে নাম লিখিয়েছেন আগেই। এবার তিনি পানিহাটির গেরুয়া শিবিরের প্রার্থী। কথা হচ্ছে তিলোত্তমার মা-কে নিয়ে। বিজেপির প্রার্থী হওয়ার পর পদ্মশিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন সাধারণ মানুষকে। তাঁর মন্তব্য়, তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা।
বুধবার সংবাদ মাধ্যমের সামনে পানিহাটির বিজেপি প্রার্থী জানান, তিলোত্তমা যেভাবে চিকিৎসা করতেন সকলের, পানিহাটি থেকে জিতে তেমনই এখানকার সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন। অনেক যন্ত্রণা নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান নির্যাতিতার মা। যদিও, গতকাল বিরোধী দল সিপিএম ও রাজ্যের শাসকদলকে নিয়ে কোনও রকম মন্তব্য না করলেও, বিজেপি প্রার্থী বুঝিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের বিচার চেয়ে রাত দখল করেছিলেন সাধারণ মানুষ। সেই সময় একা কোনও দল শুধু পথে নামেনি।
তিলোত্তমার মা বলেন, “প্রার্থী হয়েছি এটা আমার কাছে অনেক যন্ত্রণার, অনেক বেদনার। পানিহাটিবাসীর জয় হবে। আমি একা কিছুই করতে পারব না। আমি জিতলে পানিহাটিবাসী জিতবে। যাঁরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছিলেন, আমি তাঁদের হয়ে প্রতিবাদ করব। কিন্তু জিতবে তাঁরাই।” সঙ্গে তাঁর সংযোজন, “আমার মেয়ে এখানকার চেম্বারে অনেককে চিকিৎসা দিতেন। আমি তো সেটা পারব না। তাই এখানকার বাসিন্দাদের পরিষেবা দিয়ে সাহায্য করব। নারী সুরক্ষার পক্ষে লড়ব।”
নির্যাতিতার মা এও বলেন, “বিচার তো পাবই। আমার মেয়ে সেই রাতে হয়ত মা-মা বলে চিৎকার করেছে। সেই যন্ত্রণাটা…আমি যদি এই সেবা করি সেও কিছুটা খুশি হবে।”
এখানে উল্লেখ্য, মেয়ের বিচার চেয়ে তিলোত্তমার মা প্রার্থী হওয়ার জন্য নিজেই আবেদন করেছিলেন বিজেপির কাছে। সে কথা শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। পরে একটি সাক্ষাৎকারে মৃত চিকিৎসক পড়ুয়ার বাবা TV9 বাংলাকে বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।”