SSC Group-C exam: হলের মধ্যে আচমকা বেজে উঠল মোবাইল, SSC-র গ্রুপ-সি পরীক্ষা দিতে গিয়ে সোজা পুলিশের হাতে যুবক

Group-C exam: পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ গাইঘাটা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরীক্ষার্থীকে আটক করে এবং তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। পরে নিয়মভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়।

SSC Group-C exam: হলের মধ্যে আচমকা বেজে উঠল মোবাইল, SSC-র গ্রুপ-সি পরীক্ষা দিতে গিয়ে সোজা পুলিশের হাতে যুবক
গ্রেফতার যুবকImage Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Mar 01, 2026 | 10:39 PM

গাইঘাটা: মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পর রাজ্যজুড়ে কড়া নিরাপত্তার মধ্যে হয়ে গেল এসএসসি-র গ্রুপ-সি নিয়োগের পরীক্ষা। এবার এই পরীক্ষাতেও সেই মোবাইল নিয়ে ঢোকার অভিযোগ। এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। ধৃত যুবকের নাম মৃন্ময় দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ে ওই পরীক্ষার্থীর সিট পড়েছিল। পরীক্ষা চলাকালীন আচমকাই মৃন্ময়ের কাছে থাকা মোবাইল ফোনটি বেজে ওঠে। ততক্ষণে সেই আওয়াজ কানে গিয়েছে হলের সকলের কানেই। শোনা মাত্রই সজাগ হন গার্ডও। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন। তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে ফোনটি পাওয়া যায়। 

পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ গাইঘাটা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরীক্ষার্থীকে আটক করে এবং তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। পরে নিয়মভঙ্গের অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। কিন্তু কড়া চেকিং ও নজরদারি এড়িয়ে কীভাবে ওই যুবক পরীক্ষা হলের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে পরীক্ষার আগে জারি হয়েছিল কড়া নির্দেশিকা। সাফ বলা হয়েছিল, কোনও রকম বুট পরে পরীক্ষা কেন্দ্রে আসা যাবে না। পায়ে রাখতে হবে সাধারণ চপ্পল বা হাওয়াই চটি। নিষিদ্ধ মোবাইলের মতো ইলেকট্রনিক গ্যাজেট। গোটা রাজ্যে মোট ১৬৯৩ টি সেন্টারে গ্রুপ-সি নিয়োগের লিখিত পরীক্ষা হয়। মোট শূন্যপদ রয়েছে ২ হাজার ৯৮৯টি। মোট আবেদনকারীর সংখ্যা ৮ লক্ষ ৪ হাজার। 

Follow Us