
মিনাখাঁ: উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার অন্তর্গত জয়গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার বিকেলে লাগা এই বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে চার চারটি বসতবাড়ি। আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ি ছাড়াও পুড়ে ছাই হয়ে গিয়েছে গ্যারেজে থাকা মোটরবাইক। পুড়ে গিয়েছে প্রচুর মূল্যবান যন্ত্রাংশও। প্রাথমিক হিসেবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে জয়গ্রামের একটি বাড়িতে আচমকাই আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িগুলিতে। এলাকার লোকজনই প্রথমে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ততক্ষণে একেবারে রুদ্র মেজাজে আগুন। স্থানীয় মানুষজন বালতি করে জল, এমনকি বালি নিয়ে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, চোখের পলকে চারটি আস্ত বাড়ি আগুনের গ্রাসে চলে যায়।
ঘটনায় শোকের ছায়া এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি জানিয়েছে, ঘরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র, জামাকাপড় কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এমনকি বাড়ির ভেতর থাকা মোটরবাইকের সঙ্গেই চাষবাসের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশও পুরোপুরি পুড়ে গেছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার সম্পত্তি হারিয়ে এখন খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে চারটি পরিবার।
খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। শেষে দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অবস্থা। তবে দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গেই মিনাখাঁ থানার পুলিশও যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।