
দমদম: হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, হার্টের সমস্য়া নিয়ে এদিন ভর্তি হন দমদমের সাংসদ। পরে অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়েছে। বেলঘরিয়ার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।
এদিন উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ এলাকায় একটি মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। সেখানে যাওয়ার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় বেলঘরিয়ার ওই বেসরকারি নার্সিংহোমে। সেখানেই চিকিৎসকরা পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন।
জানা গিয়েছে, এদিন বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন সৌগত রায়। মাঝপথে অসুস্থ বোধ করেন। সঙ্গে সঙ্গে তাঁকে বসানো হয়। এরপর কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন বলে সূত্রের খবর। হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে যান তৃণমূলের একাধিক নেতা-কর্মী। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।